মঞ্চজুড়ে মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল...’ মুক্তিযুদ্ধ চলাকালে আমাদের মুক্তিযোদ্ধাদের প্রেরণাই ছিল এ ধরনের আরও কত শত গান। ১ ডিসেম্বর জাতীয় নাট্যশালার বেদিতে গাইছেন নাট্যশিল্পীরা...পুরো নাট্যশালার আঙিনা লোকে লোকারণ্য। সবার মুখেই যেন উৎসবের আমেজ। গানের প্রতিটি কথাই যেন উজ্জীবিত হয়ে হয়ে খুঁজে ফিরছে মুক্তিযুদ্ধের দিনগুলো। উৎসবে নাটক দেখতে এসেছেন সারোয়ার হোসেন। নাট্যশালার মূল মিলনায়তনের ফটকে নিমগ্ন হয়ে গান শুনছিলেন তিনি। কথা বলি তাঁর সঙ্গে। তিনি বললেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার এই গানগুলো অসাধারণ। যতবারই গানগুলো শুনি, ততই ভালো লাগে। এই গানগুলোর কখনোই মৃত্যু হবে না। গানগুলো শুনলেই নিজের মধ্যে দেশের প্রতি একটা আলাদা আবেগ চলে আসে।’ ততক্ষণে নাট্যশালার বাইরের আয়োজন শেষের পথে। ভেতরের অনুষ্ঠানের শুরুর তোড়জোড় চলছে। মহাকাল নাট্য সম্প্রদায়ের আয়োজনে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের শুরুর দিনটা এমনই ছিল। মুক্তিযুদ্ধের ৪০ বছর ধরে এই নাট্যোৎসবে নাট্যশালাজুড়েই সাজসজ্জায় মুক্তিযুদ্ধের চেতনা জড়ানো হয়েছে। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের কথাই যেন ঘুরেফিরে আসছে নাট্যশালাজুড়ে। আগত দর্শকের আগমনটাও অন্যান্য বারের চেয়ে বাড়তি দেখা গেছে। তাই তো উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে নাসির উদ্দীন ইউসুফ বললেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে অনেকখানিই এগিয়ে নিতে পেরেছি। আমাদের তরুণেরা এখন অনেক বেশি সচেতন। তারা এই চেতনা ধারণ করে দেশব্যাপী ছড়িয়ে দেবে—এমনটাই বিশ্বাস করি আমি। আর এ জন্য আমাদের বড়দের আরও বেশি বেশি মুক্তিযুদ্ধের কথা বলতে হবে, মুক্তিযুদ্ধকে সত্যিকার অর্থে ধারণ করে চর্চার মাধ্যমে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের মঞ্চনাটক আমাদের আরও বেশি প্রয়োজন।’গত শতকের আশি থেকে শুরু করে নব্বই দশকের শেষ ভাগ পর্যন্ত মুক্তিযুদ্ধের নাটকে ঢাকার মঞ্চ জয়জয়কার। শুধু ঢাকার মঞ্চই নয়, ঢাকার বাইরেও একাধিক দলের কাছে মুক্তিযুদ্ধের নাটকের ঢেউ লাগে। তবে সময়টা পরে আর ধরে রাখা যায়নি। নব্বই দশকের পরপরই মৌলিক নাটক মঞ্চে আনার প্রবণতা থেকে বেরিয়ে অনুবাদ বা বিদেশি গল্পের রূপান্তরের নাটকের দিকে ঝুঁকে যায় ঢাকার মঞ্চ। ফলে মুক্তিযুদ্ধের নাটকও ভাটা পড়ে মঞ্চে। আগের নাটকগুলোই ঢিমেতালে নতুন করে মঞ্চায়ন হতে থাকে। বছর বছর না হলেও মাঝেমধ্যে দু-একটি মুক্তিযুদ্ধের নাটক ঢাকার মঞ্চে আসে। একই সঙ্গে দেশজুড়েও একই চিত্র দেখা যায়। তবে মুক্তিযুদ্ধের ৪০ বছর উপলক্ষে কয়েক বছর ধরে ঢাকার বেশ কয়েকটি দল মুক্তিযুদ্ধের নাটক নিয়ে কাজ করছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের একাধিক নাটক নিয়ে বেশ কয়েকটি উৎসব করেছে এরই মধ্যে। গত বছর থেকে এ প্রবণতা বাড়ছে। গত বছর ঢাকায় তিনটি মুক্তিযুদ্ধের নাট্যোৎসব হয়েছে। এ বছর মার্চে পথনাটক থেকে শুরু করে এরই মধ্যে কয়েকটি দল মুক্তিযুদ্ধের নাট্যোৎসব শেষ করেছে। মহাকাল নাট্য সম্প্রদায়ের আয়োজনে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া জাতীয় নাট্যশালায় মুক্তিযুদ্ধের সপ্তাহব্যাপী নাট্যোৎসব শেষের পথে।এ ধরনের আগ্রহ প্রসঙ্গে নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, ‘মুক্তিযুদ্ধের নাটকে আগ্রহ বাড়া খুবই ভালো একটা দিক। এটি আমাদের গর্ব। এই আগ্রহ প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে চিরকাল ধরে রাখতে হবে। এ কারণে আমরা পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি নতুন করে আবার মঞ্চে আনছি।’ তিনি আরও বলেন, ‘এত দিন ধরে মুক্তিযুদ্ধের নাটকে মুক্তিযুদ্ধের নানা উপাদান ব্যবহার করা হয়েছে। সময়ের ব্যবধানে আমাদের দৃষ্টিভঙ্গিও পাল্টেছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে মুক্তিযুদ্ধকে নতুনভাবে উপস্থাপন করে দর্শকের কাছে তুলে ধরতে হবে। তবে আমি মনে করি, মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম—যারা নাটক লিখছে, নির্দেশনা দিচ্ছে, তাদের দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে নাটক লেখা বা নির্দেশনার কাজটি করলে কাজটি আরও শক্তিশালী হবে।’ মুক্তিযুদ্ধের পরের প্রজন্মের নাট্যনির্দেশক হাসান শাহরিয়ার বলেন, ‘যেকোনো প্রেক্ষাপট ধরেই মানুষ উজ্জীবিত হয়। এখন মুক্তিযুদ্ধের নাটক বেশি হচ্ছে। গত কয়েক বছরে অনেক মুক্তিযুদ্ধের নাটক এসেছে। ভবিষ্যতে এই আগ্রহ বাড়বে, আবার একটু কমবে—এভাবে চলবে। আমরা মুক্তিযুদ্ধের সংগ্রামের কথা যেভাবে জেনেছি, একইভাবে আগামী প্রজন্মকে জানিয়ে যেতে চাই। এ কারণে আমাদের নাট্যচর্চার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হবে কাজ। তবে আরও বেশি বেশি কাজটি করে যেতে হবে।’এদিকে আজ জাতীয় নাট্যশালায় সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের নাট্যোৎসবের পতাকা নামলেও ১১ ডিসেম্বর থেকে নাট্যশালায় আরও একটি বড় আকারের মুক্তিযুদ্ধের নাট্যোৎসব হতে যাচ্ছে। উৎসবটি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা ও ঢাকার বাইরের একাধিক দল এ উৎসবে অংশ নিচ্ছে। মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে উৎসবের যৌথভাবে আয়োজন করছে শিল্পকলা ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।উৎসবে মুক্তিযুদ্ধের নাটক সময়ের প্রয়োজনে, মুজিব মানে মুক্তি, সাত ঘাটের কানাকড়ি, পায়ের আওয়াজ পাওয়া যায়, রাইফেল প্রভৃতি নাটক মঞ্চস্থ হবে।নাট্যোৎসবের আহ্বায়ক চন্দন রেজা বলেন, ‘এ উৎসবের আহ্বান হবে—আগামী ১০ বছরে স্বপ্নের বাংলাদেশ চাই। ভবিষ্যতে মুক্তিযুদ্ধের ৫০ বছরে স্বপ্নের বাংলাদেশের পূর্তি করতে চাই। এ জন্য আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার প্রয়াস চালিয়ে যাব নানাভাবে, নানা উদ্যোগের মধ্য দিয়ে।’