
মঞ্চের মাঝখানে কাঠের চৌকোনা একটি র্যাম্প , তার দুই দিকে ঢালু। না, গোটা মঞ্চে আর তেমন কিছু নেই। দেখতে বসেছি সেলিম আল দীনের স্বপ্নরমণীগণ। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নতুন প্রযোজনা। নাটক দেখতেই আমরা বসেছি বটে, কিন্তু মনে পড়ছে প্রথমে এ রচনাটি পড়েছিলাম কবিতার আকারে। মৃত্যুর মাত্র কয়েক বছর আগে ২০০৫ সালে যখন স্বপ্নরমণীগণ নামে পুরাণ ও ইতিহাসের বঞ্চিত, ভাগ্যবিড়ম্বিত সাত নারীর বিষাদগাথা রচনা করলেন সেলিম আল দীন, লেখা হয়েছিল কাব্যের গড়নে। আর ২০০৬-এর ফেব্রুয়ারিতে ক্রান্তিক থেকে যে সময় প্রথম পুস্তকাকারে প্রকাশ পেল রচনাটি, সেখানে প্রকাশকের ভাষ্যে বইয়ের পরিচিতি অংশে লেখা ছিল, স্বপ্নরমণীগণ যদিওবা কাব্য নামে অভিহিত, কিন্তু সুর-সংযোগে তা যে মঞ্চেও পরিবেশনযোগ্য, সে ইঙ্গিত রচনাতেই রয়েছে। ফলে এ রচনাটিও কাব্যমাত্র নয়। তবু, হিংসা ও রিরংসার কালপ্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন কবির মন্দ্র-উচ্চারণে ধ্বনিত আর্তস্বরই যেন স্বপ্নরমণীগণ।
আমাদের আরও মনে পড়ে, গদ্য-পদ্য-নাটক—এমন বিভাজনের চোখ দিয়ে সাহিত্যকে তো সেলিম আল দীন কখনো দেখেননি। আমৃত্যু তাঁর লড়াই-ই ছিল উপনিবেশ-প্রযুক্ত শ্রেণীকরণের বিরুদ্ধে। তাই তাঁর কবিতায় নাট্যগুণের অস্তিত্ব এবং নাটকে কাব্যপ্রসাদের ছায়াÑএ খুব প্রতিষ্ঠিত, স্বাভাবিক ব্যাপারও। কিন্তু...
হ্যাঁ, এই কিন্তু র মধ্যেই আছে স্বপ্নরমণীগণ নাটকের নতুন ঘটনা। সেলিম আল দীনের শেষ জীবনে লেখা এই নাটকটি গেল ১৯ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মঞ্চে মূর্ত হয়েছে নবনাটলিপি তৈরির মাধ্যমে। নবনাটলিপি ! শুনেই ভড়কে গেলেন?
খোলাসা করি বিষয়টি। রচয়িতা যখন স্বপ্নরমণীগণ লিখেছিলেন, সে সময় রচনাটি হেলে ছিল কাব্যের দিকে। চর্যাপদের শর্বরী, শ্রীকৃষ্ণকীর্তনের রাধা, ঋক্ বেদের কালের ঋষি অপালা, পুন্ড্রবর্ধনের প্রাচীন কার্তিকেয় মন্দিরের সেবাদাসী নৃত্যকী, বৌদ্ধযুগের প্রজ্ঞা পারমিতা, দেওয়ানা মদিনা র মদিনা ও মান্দি জনপদের আস্কিÑএই সাত রমণীর দুঃখভারাতুর আর্তনাদ কাহিনি তখন লেখা হয়েছিল কবিতার সুবাসে, খানিকটা বিমূর্ত অবয়বে। তবে যে মুহূর্তে এটি মঞ্চে আসছে, সে সময় মঞ্চের বাস্তবতার দিকেও তো তাকাতে হয় চোখ মেলে। তাই নাট্যকাহিনির বিন্যাস ঠিক রেখে কাহিনির গল্পকে আরও স্পষ্ট করার প্রযোজনে এতে এখন নতুনভাবে লেখা হয়েছে সংলাপ। আর সুনিপুণ দক্ষতায় এই নবনাটলিপি তৈরি করেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ। সেলিম আল দীনের অন্যতম শিল্প-সহচর তিনি। ফলে কাজটির উপযুক্ত ব্যক্তিও বটে। তিনি আবার স্বপ্নরমণীগণ প্রযোজনার নির্দেশকও।
এখন বলা যাক, স্বপ্নরমণীগণ থেকে কী পেয়েছি আমরা। পেয়েছি পুরাণ ও ইতিহাসের বিচিত্রনামা নারীদের অজানা অধ্যায়। আর এই বঞ্চিত রমণীকুলের বেদনাকে নির্দেশক ভাষা দিয়েছেন কয়েকটি মাত্র পন্থায়।Ñবর্ণনাত্মক অভিনয়রীতি তো রয়েছেই প্রযোজনাজুড়ে। এর সঙ্গে আছে গান। আছে কোরিওগ্রাফ ও শরীরী মুদ্রা।
নাটকে পাওয়া যায় সাত নারীর সাত রাতের বর্ণনা। এক পর্যটক বান্দরবানের মারমা পল্লি থেকে নিয়ে আসে একটি পাথর। আর ওই পাথর থেকেই প্রতি রাতে উঠে আসেন পুরাণ ইতিহাসের সাত নারী। সেই নারীরা কথা বলেন পর্যাটকের সঙ্গে, কথা বলতে বলতে চলে যান তাঁদের সময়েÑযে সময়ে বেঁচে ছিলেন তাঁরা। এই যে একই পর্বে একই সঙ্গে গড়ে উঠল বর্তমান ও অতীত, এই দুই সময়কে সুস্পষ্ট করতে সংগীতকে নির্দেশক আফসার আহমদ ব্যবহার করেছেন মোক্ষম হাতিয়াররূপে। তাঁর করা সুরগুলোও যথার্থ হৃদয় হরণকারী। উদহারণ দিয়ে বলি, ষষ্ঠ রাতে পাথর থেকে উত্থিত হলো মদিনা। মুনসুর বয়াতির দেওয়ানা মদিনা পালায় কৃষকের মেয়ে মদিনা ও রাজ বংশের দুলালের মিলন হয়নি। এই সময়ে দাঁড়িয়ে এ আখ্যানে পর্যটককে মদিনা বলছিল সেই কাহিনি। আর আমরা দেখছিলাম, দুলালের ভাই আলাল রাজশক্তির জোরে দুলালকে কেড়ে নিয়ে যায় প্রেয়সী মদিনার কাছ থেকে। তখন মদিনার গলায় বাজছে ক্রন্দনগীত, দুলাল দুলাল দুলাল তুমি কোন দেশেতে থাকো/তোমার একটু আড়াল আমার বুকে সয় নাকো/এই যে দেখ ডোরা কাটা লাল শাড়ি পরেছি/তোমার প্রেমে আমি মরছি শুধু মরছি... । এখানে অভিনয় আর সুরের যুগলবন্দীতে আলাদা আলাদাভাবে স্পষ্ট হয়ে এক বিন্দুতে যেমন মিলে যায় অতীত ও বর্তমান, তেমনি মদিনার করুণ বয়ান আমাদের করে তোলে বাষ্পরুদ্ধ।
আমরা বাষ্পরুদ্ধ হয়েছি সাত রাতের কাহিনিময় স্বপ্নরমণীগণের প্রায় সব রাতে, স্বপ্নে আসা রমণীদের দহন যন্ত্রণায়। প্রযোজনাটির ডিজাইন ও সংগীতের সুর সংযোজনে যথেষ্ট মুনশিয়ানার পরিচয় রেখেছেন নির্দেশক। কোরিওগ্রাফও নান্দনিক। তবে দু-একজন বাদে বাচিক অভিনয়ে দুর্বলতা রয়েই গেছে। বিশেষত পাত্রপাত্রীরা যখন বর্ণনা বা সংলাপ প্রক্ষেপণ করছিল, তখন বেশ প্রকটভাবে চোখে লেগেছে। যে কয়েকটি স্তম্ভের ওপর বর্ণনাত্মক অভিনয়রীতি দণ্ডায়মান, তার একটি হলো বর্ণনার শিল্পময়তা । ফলে নাটকটির উত্তরোত্তর সৌকর্য বিকাশে এদিকে নজর দেওয়া জরুরি বৈকি।