মঞ্চস্থ হলো চিত্রাঙ্গদা
মহাকাল নাট্য সম্প্রদায় আয়োজিত চলমান বিশ্বনাটকের যূথ উৎসবের ‘রবীন্দ্রনাটক’ পর্বে গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে ছিল নাট্য সংগঠন স্বপ্নদলের আলোচিত প্রযোজনা কাব্যনাট্য চিত্রাঙ্গদার বিশেষ মঞ্চায়ন। রবীন্দ্রনাথের চিরায়ত সৃষ্টি চিত্রাঙ্গদার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
রবীন্দ্রনাথ ১৮৯২ সালে ৩১ বছর বয়সে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যানটির কিছু রূপান্তরসহ আধুনিক মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতীকরূপে রচনা করেন কাব্যনাট্য চিত্রাঙ্গদা। কাব্যনাটক চিত্রাঙ্গদা রচনার প্রায় ৪৪ বছর পরে ৭৫ বছর বয়সে কবি রচনা করেন নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, যেটি দেশ-বিদেশে অসংখ্য দলের মঞ্চায়নের মাধ্যমে সুপরিচিত। অন্যদিকে কাব্যনাট্য চিত্রাঙ্গদা অপ্রচলিত রচনা হিসেবে স্বীকৃত ছিল। রবীন্দ্রনাথের সার্ধশতজন্মবর্ষে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি-প্রযোজনা হিসেবে স্বপ্নদল কাব্যনাট্য চিত্রাঙ্গদা মঞ্চায়ন করে।
নাটকটিতে অভিনয় করেছেন সোনালী রহমান, ফারজানা রহমান, মোস্তাফিজুর রহমান, আলী রেজা, শিশির সিকদার প্রমুখ। চিত্রাঙ্গদা ছাড়াও পরীক্ষণ থিয়েটারে সংলাপ গ্রুপ থিয়েটার মঞ্চস্থ করে বদনাম। এ ছাড়া জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ভারতের বিহারের নাট্যদল প্রাঙ্গণ মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কাদম্বিনী।