মঞ্চে আজ থিয়েটারের ‘বারামখানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লালন। এক বিশাল ক্ষেত্র—জানার জন্য, বোঝার জন্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাসটি পড়ার পর সেই লালন সাঁইকে নিয়ে মঞ্চে কাজ করার আগ্রহ তৈরি হয়। লালনের জীবনটাই যেন একটা নাটক। নানা উৎস থেকে পাওয়া তথ্যের সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায় নিজস্ব কল্পনা মিশিয়ে সেই জীবন-নাটককে দিয়েছেন এক অসাধারণ সাহিত্যরূপ। উপন্যাসটি পড়ে পান্থ শাহিরয়ার মঞ্চের জন্য নাটক লিখতে রাজি হলেন। শুরু হলো আমাদের অনুসন্ধানী যাত্রা—কিছু পড়াশোনা, লালন আখড়া ঘোরা আর কিছু মানুষের সঙ্গে কথা বলা আমাদের ভাবনাকে নিয়ে গেল মনের মানুষ উপন্যাস থেকে আরও অনেকটা সামনে। নিজেদের মনে হাজারো প্রশ্ন জেগেছে। এর মধ্য থেকে কিছুটা দর্শকের সামনে তুলে ধরার তাগিদ অনুভব করলাম। আর এই ভাবনা থেকেই তৈরি হলো বারামখানা।’ বললেন ত্রপা মজুমদার। বারামখানা নাটকটির নির্দেশনা দিয়েছেন তিনি। আর লিখেছেন পান্থ শাহিরয়ার। আজ মঞ্চে আসছে থিয়েটারের এই নতুন নাটকটি। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় থিয়েটারের এই ৪১তম প্রযোজনাটির উদ্বোধনী প্রদর্শনী হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাটকটির কারিগরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।নতুন এই নাটকটি প্রসঙ্গে ত্রপা আরও বলেন, ‘বারামখানা কোনো গবেষণাপত্র নয়। কেউ যদি এ থেকে সত্য-মিথ্যা যাচাই করতে চান, তবে তাঁদের বিনীতভাবে বলব, আমাদের উদ্দেশ্য ডকুমেন্টেশন নয়, আমরা লালনকে তুলে ধরেছি একটি প্রতীক হিসেবে। এ দেশে কীভাবে সবকিছুকেই নিজস্ব স্বার্থে ব্যবহার করে, তা নিয়ে রাজনীতি হয়, বাণিজ্য চলে—এসব তুলে ধরাই আমাদের লক্ষ্য।’