মঞ্চে আজ পালাকারের নতুন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে নাট্য সংগঠন পালাকার মঞ্চে আনছে নতুন নাটক বাংলার মাটি বাংলার জল। রবীন্দ্রনাথের ছিন্নপত্র অবলম্বনে নাটকটি রচনা করেছেন সৈয়দ শামসুল হক, নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। আতাউর রহমান জানান, নাটকের সময়কাল ধরা হয়েছে ১৮৮৯ থেকে ১৮৯৫। এই সময়টাতে রবীন্দ্রনাথ বাংলাদেশে অবস্থান করেছেন। কাছ থেকে দেখেছেন বাংলার মানুষকে। একাত্ম হয়েছেন বাংলার বৈচিত্র্যময় প্রকৃতির সঙ্গে। এর চমৎকার চিত্র রয়েছে সেই সময়ে রচিত তাঁর সব রচনায়, বিশেষ করে, ছিন্নপত্রে। এই বাংলার জল-বায়ু-মাটি রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিল, তাঁর রচনাও প্রভাবিত হয়েছিল। নাটকটির উল্লেখযোগ্য দিক হলো, রবীন্দ্রনাথকে ঘিরেই পুরো গল্পটি। ফলে বাংলাদেশ ও বিশ্বের নাট্যমঞ্চে এবারই প্রথম রবীন্দ্রনাথ চরিত্র হিসেবে আবির্ভূত হচ্ছেন। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজি ইন্দিরা দেবী চরিত্রটিও। উঠে এসেছে তৎকালীন বাংলাদেশসহ শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরের বিচিত্র মানুষ এবং তাদের জীবন।