মঞ্চে এক অনন্য নিরীক্ষা: ‘দ্য কমিউনিকেটর’
মঞ্চনাটকের কোনো স্বরলিপি নেই, যেমন রয়েছে সংগীতে। সুতরাং, মঞ্চনাটকের রকম-প্রকরণের সীমারেখা অনন্ত। মঞ্চনাটক সে কারণে বহু বর্ণের হতে পারে, কোনটা নাটক আর কোনটা নাটক নয়, আধুনিক বিশ্বে সে প্রশ্ন অবান্তর। মূল কথা, মঞ্চনাটক দর্শকদের সামনে উপস্থাপন করা হয় এবং দর্শকদের কাছে নাটকটি যদি উপভোগ্য হয় এবং নাটকের সারকথা যদি তাদের হূদয়ে পৌঁছায়, তাহলেই আমরা সেই মঞ্চ প্রযোজনাকে সার্থক বলে অভিহিত করি। বিভিন্ন প্রকরণে যেমন নাটক কাহিনিনির্ভর হতে পারে, তেমনি হতে পারে কাহিনিবিহীন। জীবনের টুকরো ঘটনা, বিমূর্ততা, অ্যাবসার্ডিটি, বিবরণধর্মী, লোকজ ও সবশেষে ফিউশন (ভিন্ন দেশের সাংস্কৃতিক আঙ্গিকের সংমিশ্রণে সৃষ্ট) প্রভৃতিকে উপজীব্য করেও মনোগ্রাহী মঞ্চনাটক হতে পারে। মঞ্চনাটকের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশক বিভিন্নভাবে তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান। একই নাট্যকারের নাটক বিভিন্ন নাট্যদলের পরিবেশনা ও নির্দেশনার কারণে ভিন্নভাবে দর্শকদের কাছে উপস্থাপিত হয়। সে কারণে শেক্সিপয়ার বা রবীন্দ্রনাথের একই নাটক দশজনে দশভাবে করে।১৯৯৪ সালে সেন্টার ফর এশিয়ান থিয়েটার পেশাভিত্তিক নাট্যচর্চা শুরু করে এবং আমাদের দেশের মঞ্চে উপস্থাপন করে আসছে বিচিত্র রকম-প্রকরণের নাট্য প্রযোজনা। এর মধ্যে ভেলুয়া সুন্দরী, রাজা, ঊরুভঙ্গম, দ্য ল্যাসন, দ্য মিশন, দ্য মেটামরফসিস, সোনাই বিবির পালা, রিসারেকশান ও এম্পুটেশান বিশেষভাবে উল্লেখযোগ্য। সেন্টার ফর এশিয়ান থিয়েটার ১৬ বছরের অভিযাত্রায় দেশে ও বিদেশে দলের বিভিন্ন প্রযোজনা নিয়ে সুনাম অর্জন করেছে। ভারত, জাপান, সুইডেন, তাইওয়ান, পাকিস্তান, নেপাল ও চীনে অনুষ্ঠিত একাধিক নাট্যোৎসবে সিএটি যোগ দিয়েছে এবং এই নাট্যদলের প্রযোজনা দেশে ও বিদেশে সমভাবে প্রশংসিত হয়েছে। এ নাট্যদলের প্রধান চালিকাশক্তি কামালউদ্দিন নীলু, যিনি নাট্যকলায় উচ্চশিক্ষিত এবং নাট্যপ্রয়োগের ক্ষেত্রে প্রতিভাবান ও রূপদর্শী।সেন্টার ফর এশিয়ান থিয়েটার প্রযোজিত দ্য কমিউনিকেটর দেখার সুযোগ আমার হয়েছে গত বছরের নভেম্বরের ১২ থেকে ২২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত আন্তর্জাতিক ইবসেন নাট্যোৎসবে। এ উৎসবের প্রধান উদ্যোক্তা ছিল সেন্টার ফর এশিয়ান থিয়েটার। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ছিল এর সহযোগী। দ্য কমিউনিকেটর একটি নিরীক্ষামূলক নাট্য প্রযোজনা হিসেবে নিঃসন্দেহে সাফল্যের দাবিদার। বিশ্বের বিভিন্ন দেশের মঞ্চে বিচিত্র ও বর্ণিল সব নাট্য প্রযোজনা দেখার সৌভাগ্য আমার হয়েছে। দেশে-বিদেশে আমি বেশ কিছু নিরীক্ষামূলক প্রযোজনাও দেখেছি। আমার নাটক দেখার অভিজ্ঞতায় দ্য কমিউনিকেটর একটি উপভোগ্য, উজ্জ্বল ও অর্থবহ সংযোজন হয়ে থাকবে। দ্য কমিউনিকেটর একটি গল্পহীন নাটক। দ্য কমিউনিকেটর নাটকের অবয়বজুড়ে বিশ্বখ্যাত নরওয়েজীয় নাট্যকার হেনরিক ইবসেনের নাট্যভাবনা ছড়িয়ে-ছিটিয়ে বিরাজ করছে। সবচেয়ে মনোগ্রাহী হলো, নিজের অবস্থান না ভুলে আমরা যে শেক্সিপয়ারের ভাষায় ‘সাহসী নতুন বিশ্ব’ গড়ে তোলার স্বপ্ন দেখি, সেখানে আমাদের ভাবের লেনদেনের দুর্বোধ্যতা, দুরূহতা, গভীরতা এমনকি তুচ্ছতা এবং সর্বোপরি বোধগম্যতাই এ নাটকের প্রধান উপজীব্য, যা দর্শকদের কাছে হূদয়গ্রাহী হিসেবে গৃহীত হয়েছে।এই প্রযোজনা নিঃসন্দেহে জঙ্গম, শক্তিশালী ও সু-অভিনীত, যা দর্শককে যেমন আমোদিত করে, তেমনি ভাবাতেও সাহায্য করে। অভিনয় চলাকালে মনে হয় পুরো মঞ্চে যেন বহ্নিতরঙ্গের খেলা চলছে। এই সুষ্ঠু-সুন্দর প্রযোজনার জন্য নাটকের পরিকল্পনাকারী ও নির্দেশক কামালউদ্দিন নিলু ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন। এই নাটকের প্রধান শক্তি হলো কুশীলবদের শক্তিশালী অভিনয়, যার মধ্যে সীমান্ত-প্রভু হার্মিস তথা কমিউনিকেটরের ভূমিকায় শাহাদাত হোসেন দক্ষতার সঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন। এ নাটকের মঞ্চসজ্জা, আলোক পরিকল্পনা, পরিচ্ছদ পরিকল্পনা, শব্দ-সংগীত পরিকল্পনা, পুতুল ও মুখোশের ব্যবহার ছিল সম্পূর্ণভাবে নাট্য প্রযোজনার উপযোগী। আমি আশা করব, এই প্রযোজনা ভবিষ্যতে বাংলাদেশের জন্য দেশে ও বিদেশে সুনাম অর্জন করবে। আতাউর রহমান: অভিনেতা-নাট্যনির্দেশক