
ঢাকার মঞ্চে এল আরও একটি নতুন নাটক। গতকাল আরণ্যক নাট্যদলের ৫৪তম প্রযোজনা ভঙ্গবঙ্গ-এর উদ্বোধনী প্রদর্শনী হলো। রোববার সন্ধ্যায় মিলনায়তনভর্তি দর্শক দেখল মামুনুর রশীদের লেখা নতুন এ নাটকটি। নাটকের নির্দেশক ফয়েজ জহির।
নাটকটির শুরু দুটি দেশের সীমান্ত অঞ্চল থেকে। বেনাপোল ও হরিদাসপুর। মঞ্চে দেখা যায়, দুটি স্থলবন্দরে প্রতিদিনের কর্মচঞ্চলতা। কত কী দেখা গেল সেখানে। সাধারণ যাত্রী, কাস্টমস, ইমিগ্রেশন, মানি এক্সচেঞ্জের দালাল, পরিবহনশ্রমিক, চোরাকারবারি, যৌনকর্মী, কত রংবেরঙের মানুষের আনাগোনা সেখানে! এরই মধ্যে আলাদা এপারের চোরাকারবারি রাজার সঙ্গে ওপারের যৌনকর্মী মালিনীর প্রেম-বিরহ, গলাধাক্কা খেয়ে মাতাল বিশুর জীবনবোধ, কাস্টমস-ইমিগ্রেশনের বাণিজ্য-সংকটসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা। এত সব ঘটনার মধ্যে হঠাৎ উদ্ভট একজন মানুষের আবির্ভাব নিত্যদিনের আবহ ঘোলাটে করে তুলে। নাটক পুরোপুরি জমে ওঠে এ চরিত্রটির আগমনের মধ্য দিয়ে।
নাটকের একপর্যায়ে দেখা যায়, ‘উদ্ভট’ চরিত্রটি শিলাইদহ পতিসরে যাবে, পদ্মায় বোট নিয়ে ঘুরে বেড়াবে। সে বুঝতে চায় না ১৯৪৭ সালের দেশ ভাগ, বাংলা ভাষাভাষীদের ভূমির বিভাজন। যেখানে পাখি উড়ে যায়, বাতাস ও নদীর জল অবলীলায় প্রবহমান, সেখানে যাওয়া মানুষের অগম্য কেন হবে? ঘণীভূত হয় সংকট। ইমিগ্রেশনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সীমান্তের স্বাভাবিক কাজ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় যাত্রীদের স্বাভাবিক চলাচল। হাজার হাজার যাত্রী দুই পারে আটকা পড়ে। সীমান্তপ্রহরা কঠোর হয়। রাষ্ট্রের কর্ণধারদের আগমন এ ক্ষেত্রে কোনো আশা জাগাতে পারে না। উদ্ভট মানুষটির অবলীলায় সীমান্ত অতিক্রম করে এ সংকট আরও তীব্র করে তোলে। এমনই এক গল্প নিয়ে গড়ে উঠেছে নাটক ভঙ্গবঙ্গ।
নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, আরিফ হুসাইন, আমানুল হক, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, ফিরোজ মামুন, কামরুল হাসান, সাইদ সুমন, হাসিম মাসুদ, মনির জামান, কাজী আল আমিন, পার্থ চ্যাটাির্জ, লায়লা বিলকিস প্রমুখ।