বাংলার ঐতিহ্যবাহী পুতুলনাচ এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে। এমনই একটি পটভূমিতে গত সোমবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আরণ্যক নাট্যদল পুতুলকথন নাটকটি মঞ্চস্থ করে।
নাটকের দল আরণ্যক তাদের নতুন নাটকের উদ্বোধনী প্রদর্শনী করেছে ১ মে। আরণ্যকের আয়োজনে বিশ্ব শ্রম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসূচিতে এই নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়। এবার এই নাটকটি শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চের আঙ্গিকে পরিবেশিত হলো। নাটকটি রচনা করেছেন মিশু মিলন, নির্দেশনা দিয়েছেন আবু হাশিম মাসুদুজ্জামান।
সংস্কৃতির সঙ্গে মৌলবাদের দ্বন্দ্ব নাটকটির মূল উপজীব্য। নাটকের গল্পে দেখা যায়, হাশেম তার পুতুলনাচের দল নিয়ে বিভিন্ন জায়গায় পুতুলনাচ দেখায়। কিন্তু গ্রামের মৌলভী মফিজুল ও কাজী সাহেব বিরোধিতা করে। তাদের কূটকৌশল হাশেমকে তিন পুরুষানুক্রমে চলে আসা পুতুলনাচের পেশা পরিবর্তন করতে বাধ্য করে। গ্রামের অনেক মানুষকে তারা কখনো জোর করে, কখনো ধর্মীয় ভুল ব্যাখ্যা দিয়ে গোঁড়া মৌলবাদিতার দিকে ধাবিত করে। মানুষ হত্যা করার মতো জঘন্য কাজ করতেও কুণ্ঠা বোধ করে না তারা। এমনই গল্প নিয়ে নাটক পুতুলকথন।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির জামান, রুবলি চৌধুরী, শেখ মিলন প্রমুখ।
নজরুলজয়ন্তীতে একাডেমির আয়োজন
মানবতার জয়গানে যিনি ছিলেন উচ্চকণ্ঠ, দ্রোহে ও প্রেমে, কোমলে কঠোরে বাংলা সাহিত্য ও সংগীতে দিয়েছেন নতুনতর মাত্রা, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জয়ন্তী আগামী শনিবার। নানা আয়োজনে উদ্যাপিত হবে বিপ্লব ও সাম্যের কবির জন্মদিন।
নজরুলজয়ন্তীকে কেন্দ্র করে তিন দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে নজরুল একাডেমি। এ আয়োজনে বরেণ্য সংগীতশিল্পী খালিদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হবে। আরেক খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী ইয়াসমিন মুশতারীকে দেওয়া হবে সম্মাননা। এ ছাড়া প্রকাশিত হবে নজরুল একাডেমির পত্রিকার ৪৪ বর্ষের ৪০তম সংখ্যা।
তিন দিনের এই অনুষ্ঠানমালা উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নজরুল একাডেমি। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় কবির জয়ন্তীতে কাল বৃহস্পতিবার থেকে শুরু হবে তিন দিনের অনুষ্ঠানমালা।
‘নজরুল: জীবন ও সাহিত্যের যুগলবন্দী’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বিকেলে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমী। একাডেমীর প্রেস ভবনের সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে ‘নজরুল: জীবন ও সাহিত্যের যুগলবন্দী’ শীর্ষক একক বক্তৃতা দেবেন অধ্যাপক শান্তনু কায়সার।