মঞ্চে এল থিয়েটারের ‘মুক্তধারা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন নিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গন এখন কর্মচঞ্চল। সারা দেশেই নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন চলছে। নাট্য সংগঠনগুলোও পিছিয়ে নেই। দেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন ‘থিয়েটার’ মঞ্চে আনল তাদের নতুন নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা। প্রায় দুই দশক পর নতুন কোনো রবীন্দ্রনাট্যের মঞ্চায়ন করল তারা।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মুক্তধারার উদ্বোধনী মঞ্চায়ন হয়ে গেল নায়লা আজাদের নির্দেশনায়। প্রচুর দর্শক এসেছিলেন থিয়েটারের এই নতুন নাটকটি দেখতে।রবীন্দ্রনাথ ১৯২২ সালে যখন মুক্তধারা রচনা করেন সে সময়ের জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রের ঐতিহাসিক ঘটনাবলি কবির মানসে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এই নাটকে তার প্রকাশ ঘটেছে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। পশ্চিমা দেশগুলোর পররাজ্যলোলুপ রাষ্ট্রনীতি, সংকীর্ণ জাতীয়তাবোধ এবং সর্বোপরি মনুষ্যত্ববর্জিত যান্ত্রিক সভ্যতা; অপরদিকে স্বদেশে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ ও অহিংস আন্দোলন, আইন অমান্য ও অসহযোগ আন্দোলন—এসবের প্রভাবও মুক্তধারা নাটকে লক্ষ করা যায়।নাটকে দেখা যায় উত্তরকুট ও শিবতরায় এই দুই অঞ্চলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন। উত্তরকুট অঞ্চলের লোকজন কুটিল স্বভাবের। তারা শিবতরায় অঞ্চলের সহজ-সরল মানুষজনকে দমিয়ে রাখার চেষ্টা করে। একসময় এই দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি বাঁধকে। উত্তরকুট বাঁধ নির্মাণ করে শিবতরায় অঞ্চলের লোকজনকে পানিসহ আরও নানা ধরনের সংকটে ফেলে। অবশেষে উত্তরকুটের রাজার ছেলে উদ্ভূত সমস্যার সমাধানে এগিয়ে আসেন।মুক্তধারা নাটকের মূল দ্বন্দ্বটিই হচ্ছে যন্ত্রের সঙ্গে প্রাণের, যান্ত্রিকতার সঙ্গে আধ্যাত্মিকতার। নাটকে ধনঞ্জয় বৈরাগীর অনেক আধ্যাত্মিক গানের মধ্যেও আছে সংগ্রামের সুর, প্রতিবাদের ভাষা। মুক্তধারার বাঁধ মুক্তির প্রতিবন্ধক। ঝরনাধারার মুক্তি মানবজীবনের মুক্তি।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, তানভীর হোসেন সামদানী, গোলাম শাহিরয়ার, মোহাম্মদ আতিকুর রহমান, আবদুল হান্নান, কল্যাণ চৌধুরী, মো. সফিউর রহমান, রাশেদুল আউয়াল, কাওসার রাজীব, মারুফ কবির, শেকানুল ইসলাম শাহী, নূর জামান, পরেশ আচার্য্য, সামিয়া মহ্সীন, পূজা সেনগুপ্ত, কানিজ ফাতেমা, তোফা হোসেন প্রমুখ।মুক্তধারা থিয়েটারের তৃতীয় রবীন্দ্র নাটক। এর আগে দলটি রবীন্দ্রনাথের দুই বোন এবং ঘরে-বাইরে মঞ্চায়ন করেছিল।