মঞ্চে এল 'আমি ও রবীন্দ্রনাথ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো
‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো

ঢাকার মঞ্চে এল আরেকটি নতুন নাটক। নাটকের দল ‘প্রাঙ্গণেমোর’ গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে আমি ও রবীন্দ্রনাথ নামের নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন করে।
আমি ও রবীন্দ্রনাথ নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।
নাটকের অন্যতম চরিত্র অথৈ। একদিন সে তার বন্ধুর সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে বেড়াতে যায়। হঠাৎ অথৈয়ের সামনে এসে হাজির হন স্বয়ং রবীন্দ্রনাথ। তিনি অথৈকে কুঠিবাড়ি ঘুরিয়ে দেখাতে চান। সে রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলতে থাকে। অথৈয়ের সামনে পরপর হাজির হন ২১ বছর, ২৯ বছর, ৬৯ বছর ও ৮০ বছরের ভিন্ন ভিন্ন রবীন্দ্রনাথ। এই চার সময়ের রবীন্দ্রনাথের সঙ্গে অথৈয়ের কথা হয় সেই সময়ের রবীন্দ্রনাথের ব্যক্তিজীবন ও তাঁর সৃজনশীলতা নিয়ে। আর রবীন্দ্রনাথের প্রতিটি বয়সের সঙ্গে অথৈও বদলে যেতে থাকে ভিন্ন ভিন্ন চরিত্র ও বয়সে। রবীন্দ্রনাথের সঙ্গে অথৈয়ের কথোপকথনের মধ্য দিয়ে উঠে এসেছে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম ও তাঁর ব্যক্তিজীবনের নানা দিক। নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে একই মিলনায়তনে।