মঞ্চে এল ‘চাকা’
মঞ্চে এল চাকা। নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা এই নাটকটি আগে মঞ্চায়িত হয়নি। গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মঞ্চে বুনন থিয়েটার প্রথম মঞ্চায়ন করে নাটকটির।গতকালের প্রদর্শনীটি ছিল শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। আজ বৃহস্পতিবার পরীক্ষণ থিয়েটারেই সাধারণ দর্শক নাটকটি উপভোগ করতে পারবেন। এটির নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান। এটি বুনন থিয়েটারের ষষ্ঠ প্রযোজনা। চাকা নাটকে দেখা যায়, একজন গাড়োয়ানের শস্যবাহী গরুর গাড়িতে ৫৫০ টাকার চুক্তিতে একটি সরকারি লাশ ঠিকানামাফিক পৌঁছে দেওয়ার জন্য তুলে দেওয়া হয়। মরদেহ নিয়ে গাড়োয়ান নয়ানপুর গ্রামের বিভিন্ন লোকের কাছে যায়। কিন্তু অপঘাতে মৃত লোকটির লাশ নিয়ে একটা জটিলতা দেখা দেয়। লাশ নিতে কেউ সম্মত হয় না। অবশেষে গাড়োয়ান পরম মমতায় লাশটি কবর দেয় গাঙের পাড়ে। নাটকে অভিনয় করেছেন আহমেদ ফয়েজ, নীলমণি, আনোয়ার ইউনুস, শুদ্ধ হাসান, শংকর সাহা, অমৃতাভ মিহির, শিখা দাস প্রমুখ। বৃষ্টিস্নাত আবৃত্তিসন্ধ্যাকবিতা অনুরাগী শ্রোতা ও আবৃত্তিশিল্পীদের ঘরে আটকে রাখতে পারেনি বৃষ্টি। গতকাল বিকেলে তাঁদের পদচারণায় কবিতা উৎসব কেন্দ্র জাতীয় নাট্যশালা ছিল মুখরিত। ‘জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে’ স্লোগান নিয়ে এ উৎসব শুরু হয় ২৬ জুন। আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। এতে সহযোগিতা দেয় শিল্পকলা একাডেমী।গতকাল চতুর্থ দিন ছিল প্রায় ১৫টি দলের পরিবেশনা। আবৃত্তি প্রযোজনা ‘মেঘ জমেছে আকাশ জুড়ে’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ফয়জুল্লাহ সাইদের গ্রন্থনা ও নির্দেশনায় এটি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন। আবৃত্তিতে অংশ নেন চৈতী পারভীন, বিথি ইসলাম, মাসুম চৌধুরী প্রমুখ।জহিরুল হক খানের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘নিষ্কৃতি’র বৃন্দ আবৃত্তি পরিবেশন করে কণ্ঠশীলন। আবৃত্তিতে অংশ নেন রইস উল ইসলাম, নরোত্তম হালদার, নাসিমা আক্তার, মাসুমা ইসলাম প্রমুখ। হাসান আরিফের গ্রন্থনা ও নির্দেশনায় স্বরশ্রুতি পরিবেশন করে ‘প্রবর্তকের ঘুর-চাকায়’। আবৃত্তিতে অংশ নেন মো. আহ্কাম উল্লাহ, মীর মাশরুর জামান, তারানা পিয়া, মাহেজাবিন তিশা, মধুরিমা সাহা প্রমুখ। স্বরকল্পন আবৃত্তি চক্র পরিবেশন করে ‘রাজাকারের নামতা’। এর নির্দেশনা দেন মোস্তাফিজ রিপন। আবৃত্তিতে অংশ নেন মনিরুল ইসলাম, মাকসুদা আকতার, শর্মিষ্ঠা দাস প্রমুখ।এ ছাড়া আবৃত্তি প্রযোজনা পরিবেশন করে চারুবাক, রংপুরের স্বনন, হূদয়বৃত্তি সাংস্কৃতিক সংঘ, উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগ, মুক্তবাক, শব্দবৃত্তি ও স্বরূপ সাংস্কৃতিক সংসদ।ছায়ানটে কাল থেকে নজরুল উৎসবছায়ানট তৃতীয়বারের মতো আয়োজন করেছে নজরুল উৎসবের। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় দুই দিনের এই উৎসবের উদ্বোধন। শুরুতেই থাকবে ‘নজরুল স্মারক বক্তৃতা’। বক্তব্য দেবেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। আয়োজনে থাকবে গান, পাঠ-আবৃত্তি ও নৃত্য। গতকাল ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি সারওয়ার আলী, শাহিন সামাদ, ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল প্রমুখ। এবারের উৎসবে গান করবেন ৭৫ জন শিল্পী। তাঁদের মধ্যে ঢাকার জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নবীন প্রতিশ্রুতিশীল শিল্পী ও ঢাকার বাইরের নজরুলের গানের নিবেদিতপ্রাণ শিল্পীরাও থাকবেন। এ সময় জানানো হয়, সারা দেশে নজরুলসংগীতের সঠিক প্রশিক্ষণের জন্য ছায়ানট উদ্যোগ নিয়েছে। দেশের যেসব জেলায় নজরুলের গানের চর্চা অপেক্ষাকৃত কম, শুরুতে সেসব এলাকাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এরই মধ্যে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের মাধ্যমেও দেশের বিভিন্ন জেলায় নজরুলের গানের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এবারের উৎসব আয়োজনে সহযোগিতা করছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি।