মঞ্চে এল ‘সাইলক অ্যান্ড সিকোফ্যান্টস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মার্চের ঘটনা। শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হল থেকে নাটক দেখে বের হচ্ছিলেন পারভেজ আখতার। নাটকটি দেখে বেশ উচ্ছ্বসিত তিনি। থিয়েটারওয়ালা রিপার্টরির প্রথম প্রযোজনা এটি। ঢাকার নামকরা সব দলের ছেলেমেয়েরা মিলে কাজ করেছেন নাটকটিতে। উদ্বোধনী প্রদর্শনী মঞ্চায়ন উপলক্ষে টানা ছয়টি প্রদর্শনীর উৎসব হচ্ছিল নাটকটির। নাটকটি নিয়ে পারভেজ মন্তব্য করেন এভাবে, ‘নাটকটিতে যা দেখলাম, তা বর্তমান বিশ্বের পরিচিত রূপ। মানুষ স্বার্থের কাছে কেনাবেচা হয়ে যাচ্ছে। হারিয়ে ফেলছে মূল্যবোধ। একটা শক্তির কাছে সবাই-ই পরাস্ত হচ্ছে। সুন্দরভাবে নাটকটিতে তা উঠে এসেছে।’ তিনি আরও বললেন, এভাবে ঢাকার একাধিক দলের কর্মীরা মিলে নাটক করলে নাটকের মানও বাড়ে, ভালো ভালো প্রযোজনা মঞ্চে আনাও সম্ভব হয়। নাটকটির সেট, পোশাক, আলো অসাধারণ। তবে নাটক শেষে নাটকটির নাট্যকার ও থিয়েটারওয়ালার প্রধান হাসান শাহরিয়ার বললেন, ‘নাটকটির প্রথম প্রদর্শনীটিতে আমরা খুশি নই। তবে পরের প্রদর্শনীগুলো খুবই ভালো হয়েছে।’নাটকটির সেট আলোক পরিকল্পনার মধ্যে একটু ভিন্নতা লক্ষ করা গেছে। মিউজিকেও পিছিয়ে নেই। ঢাকার মঞ্চে নতুন অতিথি এ দলটি। মূলধারার থিয়েটার থেকে বেরিয়ে পেশাদার থিয়েটারচর্চার নতুন পদক্ষেপ নিয়ে দলটি যাত্রা শুরু করেছে। ফলে দলটির কাজ নিয়ে বেশ অনেক দিন ধরেই ঢাকার নিয়মিত নাট্যকর্মীদের মধ্যে আগ্রহ ছিল বেশি। প্রথম প্রদর্শনীতে দর্শকের উপস্থিতি সেভাবে লক্ষ করা না গেলও দ্বিতীয় প্রদর্শনী থেকেই দর্শক বাড়তে থাকে। দলটির প্রধান হাসান শাহরিয়ার বলেন, ‘শিল্পকলার মূল মিলনায়তনে পদাতিকের আন্তর্জাতিক নাট্যোৎসব চলছে। সেখানেই অনেক দর্শক নাটক দেখছে। তবে আমি মনে করি, এটিও বড় ব্যাপার নয়। কাজ ভালো হলে সব জায়গায়ই দর্শক আসবে।’ ২০ ও ২১ মার্চ নাটকটির আরও চারটি প্রদর্শনী হয়েছে। এদিকে হাসান শাহরিয়ার জানিয়েছেন, আগামী ১ থেকে ৩ এপ্রিল একই মিলনায়তনে নাটকটির টানা আর ছয়টি প্রদর্শনী হবে। তিনি বলেন, ‘গত কয়েক দিনে নাটকটির ছয়টি প্রদর্শনী করার পর পেশাদার থিয়েটার নিয়ে আমি আশাবাদী। যদিও এ সময়টায় পেশাদার থিয়েটারচর্চা অনেক কঠিন। কেননা এখনো আমাদের এখানে ওইভাবে পেশাদার নাট্যচর্চা গড়ে ওঠেনি।’ তিনি আরও বলেন, ‘আমরা তো শুরু করলাম। হয়তো সামনে আরও অনেকেই বিষয়টি নিয়ে এগিয়ে আসবেন।’নাটকটিতে অভিনয় করছেন আরণ্যকের দীপক সুমন, প্রাচ্যনাটের আজাদ আবুল কালাম, ঋতু সাত্তার, তৌফিকুল ইসলাম ও থিয়েটার রিপার্টরির হাসান শাহরিয়ার।হাসান শাহরিয়ারের লেখা নাটকটির নির্দেশনায় আছেন আজাদ আবুল কালাম। মঞ্চ পরিকল্পনায় শাহীনূর রহমান, আলোকে ফয়েজ জহির ও পোশাকে তৌফিকুল ইসলাম।