
পিতার মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ডেনমার্কে ফিরেছে রাজপুত্র হ্যামলেট। ফিরে দেখল, তার মা বিয়ে করেছে তার পিতার ভাইকে, যিনি এ মুহূর্তে সিংহাসন দখল করে আছে। চারপাশের পরিস্থিতি দেখে হ্যামলেটের মনে হচ্ছে, ডেনমার্ক রাজ্যটা যেন পচে গেছে। সে যেন একটা দমবন্ধ কারাগারের মধ্যে বাস করছে। কিন্তু কী করবে এখন সে? পিতৃহত্যার প্রতিশোধ নেবে?
উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী নাটক হ্যামলেট। কিংবদন্তি এই ব্রিটিশ কবি ও নাট্যকারের মৃত্যুর চার শ বছর পরও দর্শককে উদ্দীপ্ত করে তাঁর রচিত এ নাট্যকাহিনি। নাটকটি মঞ্চে এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। অভিনয় করেছেন এই বিভাগের স্নাতকোত্তর শিক্ষাবর্ষ এবং ষষ্ঠ ও পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীরা৷ মূল রচনা থেকে নাটকের অনুবাদ করেছেন শামসুর রাহমান। নির্দেশনা দিয়েছেন আশিক রহমান।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত নাটমণ্ডলে চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায়। আজ সন্ধ্যায় চার দিনব্যাপী এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন মামুনুর রশীদ। এ ছাড়া ১০ ও ১১ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
পিতৃহত্যার প্রতিশোধের গল্প নিয়ে এগিয়েছে নাটকের কাহিনি। শোকাতুর হ্যামলেট একসময় হয়ে পড়ে বিকারগ্রস্ত। দেখতে পান পিতার প্রেতমূর্তি। যে প্রেতমূর্তি হ্যামলেটকে জানায়, পিতার ভাই ক্লডিয়াসই তার হত্যাকারী। পিতৃহত্যার প্রতিশোধ নিয়ে মৃত্যুবরণ করে ভাগ্যহত যুবরাজ হ্যামলেট। আর তার বিয়োগান্ত জীবনের করুণ কাহিনি পৃথিবীতে বলার জন্য বেঁচে থাকে কেবল তার বিশ্বস্ত বন্ধু হোরেশিও।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন, তানভীর নাহিদ খান, নাভেদ রহমান, মাসুদ রানা, সঞ্জীব কুমার দে, ক্যামেলিয়া মৌসুমী খান, সুমাইয়া বিনতে রায়হান, নওরিন সাজ্জাদ, হাফিজুল ইসলাম, আফরিন হুদা, তানিয়া ইসলাম প্রমুখ।