
মিলনায়তনে ঢুকে মঞ্চে তাকিয়ে অবাক হতে হলো। কুষ্টিয়ার শিলাইদহের লাল ইটের কুঠিবাড়িটি এখানে! বিশাল ভবনটির সামনে সারিবদ্ধভাবে বসেছেন রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শিল্পীরা। রাজধানীর শাহবাগের গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনের মঞ্চটি সেজেছিল কুঠিবাড়ির আদলে! নান্দনিক এ মঞ্চটি আলোকিত হয়েছিল শুধু আলোকচিত্রীর ক্যারিশমায়।
গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার ষড়্বিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে পাঁচ দিনব্যাপী উৎসবের তৃতীয় দিন ছিল গতকাল বৃহস্পতিবার। গতকালের আয়োজনটা জমে উঠতে কিছুটা সময় লাগল। শুরুতে মিলনায়তনের দর্শক আসনের বেশ খানিকটা অংশ ছিল ফাঁকা। তবে নির্ধারিত সময়েই শুরু হয় অনুষ্ঠান। প্রথমে তিনটি সমবেত পরিবেশনা। ‘ও আমার দেশের মাটি’, ‘আমার প্রাণের মানুষ’ এবং ‘আকাশভরা সূর্য-তারা’। গানের সুর ধরে ধীরে ধীরে ভরে উঠল মিলনায়তন।
পর পর তিনটি সমবেত পরিবেশনার পর একক কণ্ঠের পরিবেশনা। এ পর্বে ‘আমার মন মানে না’ গানটি শোনান দীপা পাল। এরপর মঞ্চে ওঠেন সাজ্জাদ হোসেইন, সাইফুল ইসলাম খান ও তালাত সুলতানা। এ ছাড়া তৃতীয় দিনের উৎসবের একক কণ্ঠে গান শোনান আরও বেশ কয়েকজন নবীন-প্রবীণ শিল্পী।