
উৎসবের সব কটি নাটকই ছিল গুণে-মানে অনন্য। কিন্তু এই দেওয়ান গাজীর কিস্সা নিয়ে সবারই ছিল অন্য রকম এক আগ্রহ। ফলে মিলনায়তনে উপচে পড়া ভিড়টাই ছিল স্বাভাবিক। সবাই জেনে গিয়েছিল আগেই, বহুদিন পর এই নাটকে অভিনয় করছেন সেই অভিনেত্রীরা, বহুদিন যাঁরা মঞ্চ থেকে সরে আছেন। হয়ে পড়েছেন অনিয়মিত। বয়সটাও এখন দাপটের সঙ্গে অভিনয় করতে দিতে চায় না। সাহস করে আলী যাকের, সারা যাকের, আবুল হায়াতেরা যে মহড়ার নেমে গেলেন এবং মঞ্চে নেমে এক ঐতিহাসিক ঘটনার জন্ম দিলেন, সেটাই সবচেয়ে বড় পাওয়া। নাটকটি এতই টান টান ছিল, মনেই হয়নি যে অনেক দিন পর মঞ্চে উঠেছেন এ শিল্পীরা। নাটকটিতে আরও অভিনয় করেন শামীমা নাজনীন ও রুনা খান।
দেওয়ান গাজীর কিস্সা নাটকটি ১৯৭৭ সালে যখন প্রথম মঞ্চে আসে, তখন এই ষাটোর্ধ্ব অভিনয়শিল্পীরা ছিলেন বিশ ও ত্রিশের কোঠায়। সময়ের সঙ্গে সঙ্গে বয়স বেড়েছে সবার, কিন্তু নাটকের চরিত্রগুলো তো আর বদলায়নি। তাই পুরোনো মানুষেরাই নতুন করে এলেন মঞ্চে, দেখলেন ও জয় করলেন। গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের অষ্টম দিনে নাগরিক নাট্য সম্প্রদায় দর্শকদের মন ভরিয়ে দিল। বের্টল্ড ব্রেখ্ট-এর এই নাটকটির অসাধারণ রূপান্তর করেছেন আসাদুজ্জামান নূর, নির্দেশনাও তাঁর। গতকাল প্রদর্শনীর শুরুতে দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ঢাকার মঞ্চে যে কয়েকটি স্মৃতিধন্য নাটক রয়েছে, তারই একটির মঞ্চায়ন দেখে মনে হলো—কী হয়, যদি পুরোনো নাটকগুলো আবার ফিরে ফিরে আসে?