মঞ্চে নাগরিক নাট্যাঙ্গনের ‘মুক্তির উপায়’
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন উপলক্ষে নাগরিক নাট্যাঙ্গন মঞ্চে আনছে নতুন নাটক। নাম মুক্তির উপায়। রবীন্দ্রনাথের ছোটগল্প ‘মুক্তির উপায়’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। অনেক মানুষ আছে যারা সংসার-কর্ম ভুলে গিয়ে পরম আত্মার সান্নিধ্য পেতে চায়। মুক্তির পথ খুঁজতে গিয়ে তারা যে ভুল পথের দিকে ধাবিত হচ্ছে, তা থেকে সঠিক পথে ফেরার নির্দেশনা নিয়ে নাটকের গল্পের সূত্রপাত। নাটকটির কেন্দ্রীয় চরিত্র ‘হেমবালা’র ভূমিকায় অভিনয় করছেন লাকী ইনাম। তিনি বললেন, ‘আমাদের নাটকগুলোতে সব সময় বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথের গল্প যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি বিনোদনের বিষয়টিকেও প্রাধান্য দিয়েছি। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতেইমুক্তির উপায় নাটকটি মঞ্চে আনছি।’ সরকারি অনুদানে নাগরিক নাট্যাঙ্গন মঞ্চে আনছে মুক্তির উপায় নাটকটি। লাকী ইনাম জানান, আজ দিনে নাটকটির একাধিক কারিগরি মহড়া হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। একই মঞ্চে সন্ধ্যা সাতটায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। ২১ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির আনুষ্ঠানিক প্রদর্শনীর আয়োজন করা হবে। মুক্তির উপায় নাটক নাগরিক নাট্যাঙ্গনের ১৯তম প্রযোজনা। এখানে আলোক নির্দেশনা দিয়েছেন জসীম উদ্দিন। সেট ডিজাইন করেছেন আলী আহমেদ।