মঞ্চে নাটক আনছে 'তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র'
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ স্মরণে গত ৫ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ‘তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র’। তারেক মাসুদের ভাই ও এই সংগঠনটির অন্যতম উদ্যোক্তা হাবিবুর রহমান মাসুদ বলেন, ‘তারেক মাসুদের স্বপ্নছোঁয়া স্মৃতি ধরে রাখার পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন শাখায় আমাদের কার্যক্রম গতিশীল রাখার পরিকল্পনা নিয়ে এই সংগঠনটি গড়া হয়েছে।’
নাট্যপ্রযোজনা ছাড়াও নাটক ও চলচ্চিত্রবিষয়ক কর্মশালা পরিচালনা, চলচ্চিত্র প্রদর্শনী, সৃজনশীল লেখকদের রচনা থেকে পাঠচক্রসহ সাংস্কৃতিক উন্নয়ন, সৃজনশীল অনুষ্ঠান আয়োজন এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য।
হাবিবুর রহমান মাসুদ জানান, শুরুতেই তাঁরা মঞ্চের জন্য একটি নাটক তৈরি করছেন। লুইজি ব্রায়ান্টের দ্য গেম অবলম্বনে তৈরি এই নাটকের নাম আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা। অনুবাদ, রূপান্তর ও নির্দেশনা দিচ্ছেন রুবাইয়াৎ আহমেদ। এখন নিয়মিত মহড়া চলছে নাটকটির।
১১ মার্চ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। ওই দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা।