মঞ্চে পাণ্ডিত্য দিয়ে শ্রোতাদের মুগ্ধ করা যায় না : ওস্তাদ আমজাদ আলী খাঁ
‘আমি সৌভাগ্যবান যে আমার জন্ম গোয়ালিয়রে। গোয়ালিয়র সংগীতের পূণ্যভূমি। তা না হলে সেখানে সুরস্রষ্টা মিয়া তানসেনের জন্ম হবে কেন’—বলেছেন গোয়ালিয়র ঘরানার জগৎখ্যাত সরোদিয়া ওস্তাদ আমজাদ আলী খাঁ। ঢাকায় এসেছিলেন বেঙ্গল উচ্চাঙ্গ উৎসবে বাজাতে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর ঢাকার একটি হোটেলে বসে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন হারুন আল রশীদ

সংগীতকে কীভাবে উপলব্ধি করেন?
স্বর মানে শব্দ। ভারতীয় সংগীতে স্বরই ইশ্বর। সাত স্বর সা-রে-গা-মা-পা-ধা-নি-সা নিয়ে দুনিয়ার যাবতীয় সংগীত। এই অর্থহীন স্বরই হলো উচ্চাঙ্গসংগীত। এই স্বর সাধনার মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া যায়। তবে রেওয়াজের জন্য এক ধরনের সংগীত। মঞ্চে বাজানোর রীতি ভিন্ন। শেখার ক্ষেত্রে ব্যাকরণ প্রাধান্য পেতে পারে। কিন্তু মঞ্চে সেই পাণ্ডিত্য দিয়ে শ্রোতাদের মুগ্ধ করা যায় না।
আপনার বাবা ওস্তাদ হাফিজ আলী খাঁকে বাবা হিসেবে, নাকি গুরু হিসেবে বেশি পেয়েছেন?
তাঁর সঙ্গে আমার বয়সের পার্থক্য এত বেশি ছিল যে তিনি অনায়াসে আমার ঠাকুর দাদা হতে পারতেন। সম্ভবত এ কারণে তিনি না ডাকলে, কাছে ভিড়তাম না। তবু তাঁকে জেনেছি। তাঁর কাছে শিখেছি। বাবার দর্শন ছিল—একজন মানুষ এক জীবনে একটি-ই কাজ করবে। বহু ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে নেই। বাবার কাছে সংগীতই ছিল ধ্যানজ্ঞান। কোনো বিলাসিতা ছিল না। ১৯৬০ সালে তিনি পদ্মভূষণ পদক নিতে গেলেন, সঙ্গে আমি। সেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু উপস্থিত ছিলেন। তাঁর রসবোধ ছিল প্রখর। তিনি বাবাকে বললেন, ‘সবাইকে তো শেখাচ্ছেন। নিজের ছেলের জন্য নিশ্চয় আসল গুরুমন্ত্র লুকিয়ে রেখেছেন।’ জবাবে বাবা হাসলেন। এরপর রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ এসে বাবার কাছে জানতে চাইলেন, ‘দিনকাল কেমন চলছে? কোনো সমস্যা হচ্ছে না তো?’ আমি জানি, বাবার অনেক সমস্যা আছে। বাড়ি-গাড়ি কিছুই ছিল না। অথচ, তিনি রাষ্ট্রপতিকে বললেন, ‘দয়া করে দরবারি রাগকে রক্ষা করুন। দরবারি সুরস্রষ্টা মিয়া তানসেনের সৃষ্টি। এখন এই রাগটিকে যে যার মতো করে গাইছে। এভাবে চললে, দরবারির আসল রূপ ভারত থেকে হারিয়ে যাবে।’ পরে দরবারি রাগ যাতে সবাই সঠিকভাবে গায় এবং বাজায়, সে জন্য লোকসভায় সিদ্ধান্ত হয়েছিল।
বেঙ্গল ফাউন্ডেশনের উৎসব তৃতীয় বছরে চলছে। আপনার আসতে দেরি হলো কেন?
কেউ না কেউ সেটা থামিয়ে রেখেছিল। এখন সময় এসেছে। তাই আমাকে ডাকা হয়েছে। খোদার হুকুম, কিছুই করার নেই।
বয়সে ছোট হলেও বিলায়েত খাঁ, আলী আকবর খাঁ, রবিশঙ্করদের প্রতাপের যুগে আপনাকে বাজাতে হয়েছে। কেমন বোধ করতেন?
বিলায়েত খাঁ, আলী আকবর খাঁ, রবিশঙ্কর—তিনজন ছিলেন সমসাময়িক। তাঁদের তুলনায় আমি তরুণ ছিলাম। তাঁরা যখন দাপটের সঙ্গে বাজিয়েছেন, তখন আমিও বাজিয়েছি। সেটা খুব চ্যালেঞ্জিং টাইম ছিল। তবে তাঁদের সঙ্গে আমার সম্পর্ক খুবই আন্তরিকতার ছিল। আমি তাঁদের ‘দাদা’ বলে ডাকতাম। আজকাল তো সেই রাগদারি তবিয়তদারি—দুটোই আমরা হারিয়েছি। একবার হাফিজ আলী খাঁ কলকাতায় বাজালেন রাগ তিলক কামোদ। তাঁর বাজনার পর মঞ্চে আসেন আবদুল করিম খাঁ। তিনি বললেন, ‘আজ হাফিজের দিন! সে তিলক কামোদ এতটাই ভালো বাজিয়েছে যে, সেটা আমার মাথায় ঢুকে গেছে। সুতরাং আমি আজ আর অন্য সুরে ঢুকব না। আমি গাইব না। কাল গাইব।’ কী বিস্ময়কর শ্রদ্ধাবোধ!
শ্রদ্ধাবোধ কেন নষ্ট হচ্ছে? গুরু-শিষ্য পরম্পরা হারিয়ে যাচ্ছে বলে?
অনেকটা তাই। আগে গুরু নিজগৃহে বসে শিষ্যকে সন্তান ভেবে শেখাতেন। নিজের ভান্ডার উজাড় করে দিতেন। এখন গুরুকে শিষ্যের বাড়ি বাড়ি দৌঁড়াতে হয়। এটা তাঁকে করতে হয় জীবিকার তাগিদে। শিষ্য চাইছে, প্রতিদিন বেশি বেশি শিখে কত দ্রুত গুরুকে তাড়ানো যায়। আর বাড়তি আয়ের জন্য গুরু চাইছেন, অল্প অল্প শিখিয়ে শিষ্যকে বেশি দিন ধরে রাখতে। পারস্পরিক এই অবিশ্বাসই সংগীতের ক্ষতি করছে।
আপনার জন্ম তো গোয়ালিয়রে, যেখানে সুরস্রষ্টা মিয়া তানসেনের জন্ম। এ নিয়ে নিশ্চয় গর্ববোধ করেন?
আমি সৌভাগ্যবান যে আমার জন্ম গোয়ালিয়রে। গোয়ালিয়র সংগীতের পূণ্যভূমি। তা না হলে, সেখানে মিয়া তানসেনের জন্ম হবে কেন? তাঁর কল্যাণেই চার পুরুষ আগে আফগানিস্তান থেকে আসা আমাদের পরিবার এখনো সংগীতসাধনা করে যাচ্ছে।
আপনার বাবা তো গোয়ালিয়রের রাজা সিন্ধিয়ার সভাগায়ক ছিলেন। সেই সময়, আর এই সময়ের মধ্যে পার্থক্য কোথায়?
সেই আমলে শিল্পীদের সব মানুষকে তুষ্টু করার দায় ছিল না। আজকের বিচার, জনতার আদালতে।
সরোদ বাজাতে গিয়ে ইউরোপের অভিজ্ঞতা কেমন?
বিশ্বব্যাপী এখনো সরোদের চেয়ে সেতার বেশি জনপ্রিয়। আমি যখন বাইরে বাজাতে যাই, তখন অনেকেই প্রশ্ন করেন, ‘ইজ ইট সিটার (এটা কি সেতার)?’; আমি বলি, ‘সরোদ’। আসলে পণ্ডিত রবিশঙ্করজীর কল্যাণে সেতার এখন বিশ্বজুড়ে জনপ্রিয়।