মঞ্চে ফিরছেন মিলন
‘প্রয়োজনের তাগিদে টিভি নাটকে কাজ করছি ঠিকই। কিন্তু মঞ্চ আমাকে সব সময়ই টানে। কারণ আমি আজকে যতটুকু টিকে আছি, তার পুরোটাই মঞ্চের বদৌলতে। আমার যা কিছু অর্জন সেটা মঞ্চের কারণেই হয়েছে। মঞ্চে কাজ করেছি বলে এত দূর আসতে পেরেছি।’ কথাগুলো বলছিলেন টিভি নাটকের অভিনেতা আনিসুর রহমান মিলন। এখন টিভি নাটকে ব্যস্ত হলেও মিলনের মনটা সব সময় থাকে মঞ্চে। তবে বেশ কয়েকবার সময় বের করার চেষ্টা করেও মঞ্চে ফিরতে পারেননি। তবে মিলন-ভক্তদের জন্য সুখবর হলো আগামী বছরের শুরুতেই তিনি মঞ্চে অভিনয় করবেন।প্রতিবারের মতো আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হবে দেশ নাটকের বার্ষিক উৎসব। তখন মিলন মঞ্চে ফিরবেন বলে জানালেন। দেশ নাটকের আগের দুটি প্রযোজনাকে নতুনভাবে উপস্থাপন করা হবে ওই উৎসবে।উল্লেখ্য, এবার বিভিন্ন চ্যানেলে মিলনের ২০টি নাটক প্রচারিত হবে। নাটকগুলার মধ্যে আছে মাসুদ মহিউদ্দিনের ‘প্রাপ্তি শূন্য’, সকাল আহমেদের ‘একটি মধ্যবিত্ত ভাবনা’, আশরাফি মিঠুর ‘ভ্রমর এল গুনগুনিয়ে’ ও ‘মিতি খুঁজেছিলো হাসানকে’, চয়নিকা চৌধুরীর ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ ও ‘পরশ পাথর’, মাসুদ সেজানের ‘ভূত গাড়ি’, ফাহমি ইরফানের ‘ভিনদেশি তারা’, কৌশিক শঙ্কর দাশের ‘একটি অন্য রকম গল্প’, সুস্ময় সুমনের ‘প্রিমোনেশন’, কামরুজ্জামান বাবুর ‘বিউটিফুল প্রোডাকশন’, মোস্তফা মননের ‘এখানে অতীত কেনা-বেচা হয়’, তুহিন অবন্তর ‘একটি লাল শাড়ি’।