মঞ্চে বিপত্তি
‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় গত বছর প্রথম রানার আপ হয়েছিলেন অমিত পাল। ভারতের মেঘালয়ের শিলংয়ের ছেলে অমিত পাল বৃহস্পতিবার ঢাকায় আসেন। শুক্রবার শ্রেয়া ঘোষালের সঙ্গে গুলশান ক্লাবে এক কনসার্টে গান করেন তিনি। আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রেয়া ঘোষালের কনসার্ট উপভোগ করতে গিয়েছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে আয়োজকদের অনুরোধে মঞ্চে ওঠেন তিনি। আর সেখানেই ঘটে বিপত্তি। সঙ্গে করে গানের ট্র্যাকের যে সিডি নিয়ে এসেছিলেন, তা আর বাজানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তাঁকে সহযোগিতা করতে এগিয়ে এলেন যন্ত্রীরা। তখন শ্রেয়া ঘোষালের গানের বিরতি। এ সময় নিজের পছন্দের কিছু গান শোনান অমিত। অনুষ্ঠানের পর অমিত বললেন, ‘ব্যাপারটা ছিল অনুরোধে ঢেঁকি গেলার মতো। কোনো রকম প্রস্তুতি ছিল না। এমনকি যন্ত্রীদের সঙ্গেও অনুশীলন করা হয়নি। কী আর করা, অনুরোধটা ফেলতে পারিনি। দেখলাম, একটু অসুবিধা হলেও শ্রোতারা আমার গান ভালোভাবেই নিয়েছে। তাই তো একটার বদলে চারটা গান গেয়েছি।’ গুলশান ক্লাবের কনসার্টে আর সেই বিপত্তি হয়নি।