মঞ্চে মাইকেল মধূসদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাঁড়াও...জন্ম যদি তব বঙ্গে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা  l প্রথম আলো
দাঁড়াও...জন্ম যদি তব বঙ্গে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা l প্রথম আলো

বাংলা নাটকের সূচনাকার তিনি। প্রথম অনুবাদ নাটকটিও তাঁর হাতেই রচনা। তিনি মাইকেল মধুসূদন দত্ত। সেই মাইকেলকে মঞ্চে আনল নাটকের দল প্রাঙ্গণেমোর। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হলো নাটকটির।
দাঁড়াও...জন্ম যদি তব বঙ্গে নামে নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার। নির্দেশনা দিয়েছেন ও মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা। নাটকে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর চরিত্রে রামিজ রাজু। আরও অভিনয় করেছেন শুভেচ্ছা রহমান ও আল-আভী জাহান। নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনা নূনা আফরোজ, সংগীত পরিকল্পনা রামিজ রাজু এবং আলোক পরিকল্পনা করেছেন আহমেদ সুজন।
দলটির সূত্র জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে নাটকটির মহড়া শুরু হয়। ২০১৬ সালে তিনটি নাটক মঞ্চে এনেছে দলটি। বছরের শুরুতেই দলটি আবার নতুন এই প্রযোজনাটি মঞ্চে নিয়ে এল। নাটকটি মঞ্চে আনা প্রসঙ্গে মাইকেলের চরিত্রে রূপদানকারী অনন্ত হিরা বললেন, বাংলা সাহিত্যের অনেক কিছুরই সূচনাকার মাইকেল মধুসূদন দত্ত। তাঁকে নিয়ে মঞ্চে তেমন কাজ হয়নি। বাংলা সাহিত্যের এই পুরোধাকে নিয়ে নাট্যপ্রযোজনা বাংলা নাটকের যেকোনো নির্দেশকের দায়।