বাঁশির করুণ সুর ভেসে এল আলো-আঁধারি মঞ্চ থেকে। এক পাশে বেহালা, হারমোনিয়াম, ঢোল ও বাঁশির মতো বাদ্যযন্ত্র নিয়ে বসেছেন যন্ত্রীরা। গানের সুরে সুরে নাটকের সূত্র ধরিয়ে দিলেন সূত্রধর। শুরু হলো নাট্য প্রয়াসের নতুন নাটক মানুষ এবং। গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটকটি।মানুষ এবং নাট্য প্রয়াসের পঞ্চম প্রযোজনা। গতকাল ছিল এ নাটকের তৃতীয় প্রদর্শনী। পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যকার মানিক মন্ডল রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শিশির রহমান।নাটকের উপজীব্য ‘মানুষ’। মানবসমাজ নিয়েই নাটকটির কাহিনি। সৃষ্টির সেই আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত নির্যাতিত-নিষ্পেষিত হচ্ছে মানবকুল। কখনো ধর্মের নামে, কখনো সন্ত্রাসবাদ দমনের নামে, কখনো সামন্তবাদ অথবা সাম্রাজ্যবাদ বিস্তারের ঘৃণ্য স্বার্থে। একবিংশ শতাব্দীর বিজ্ঞানমনস্ক বিশ্বব্যবস্থায় মানুষের অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে প্রতিক্ষণে। বিশেষভাবে খেটে খাওয়া মানুষের অধিকার লুণ্ঠিত হচ্ছে যুগে যুগে, দেশে দেশে। বিচারের নামে চলছে প্রহসন। নিভৃতে কাঁদে বিচারের বাণী। মানুষ যেন এক অসহায় প্রাণী। মানুষ এবং নাটকের প্রধান চরিত্র গদা যেন সমগ্র বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, ন্যায়বিচারপ্রার্থী মানুষের প্রতিনিধি।নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ফারুক আহমেদ, ছানাউল হক, নাঈম আহমেদ, আবুল কালাম, মোতালেব হোসেন, পলাশ কর, ফয়সাল, সুভাষ চন্দ্র দেবনাথ, তনুশ্রী সাহা, গোলক সাহা, রাজন, কামরুল প্রমুখ।শ্রদ্ধার্ঘ্য শিল্পগুরুএ দেশের শিল্পকলা আন্দোলনের অন্যতম পথিকৃৎ শিল্পী সফিউদ্দীন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে বেঙ্গল গ্যালারি তাঁর নির্বাচিত শিল্পকর্ম নিয়ে ‘শ্রদ্ধার্ঘ্য: শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। বেগম জাহানারা আবেদিন প্রদর্শনীর উদ্বোধন করবেন। আলোচনা করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, লেখক সৈয়দ শামসুল হক, শিল্পী রফিকুন নবী, অধ্যাপক আবুল মনসুর ও অধ্যাপক সৈয়দ আজিজুল হক। প্রদর্শনী উপলক্ষে গতকাল সোমবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে শিল্পী আবুল বারক আলভী, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী এবং শিল্পীপুত্র আহমেদ নাজির বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।প্রদর্শনীতে শিল্পকর্ম থাকবে ৭০টি; চলবে ১৬ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ ১৯২২ সালের ২৩ জুন ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে কলকাতা সরকারি আর্ট স্কুল থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৫৮ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে এচিং ও এনগ্রেভিংয়ে ডিপ্লোমা লাভ করেন। এ পর্যন্ত তিনি দেশে-বিদেশে বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। তিনি ১৯৪৭ সালে ভারতের পাটনার শিল্পকলা পরিষদ প্রদত্ত ‘দ্বারভাঙ্গা মহারাজার স্বর্ণপদক’, ১৯৬৩ সালে চারুকলায় অবদানের জন্য পাকিস্তান সরকার প্রদত্ত ‘প্রেসিডেন্ট পদক’, ১৯৭৮ সালে চারুকলায় অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত ‘একুশে পদক’ এবং ১৯৯৬ সালে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ লাভ করেন। শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ গত ২০ মে ইন্তেকাল করেন।