মঞ্চে যুবক রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আবার মঞ্চের জন্য নাটক লিখলেন। রবীন্দ্রনাথের ছিন্ন পত্রাবলী অবলম্বনে লেখা এ নাটকের নাম ‘বাংলার মাটি বাংলার জল’। আতাউর রহমানের নির্দেশনায় ইতিমধ্যে এ নাটকটি মঞ্চে এনেছে পালাকার। দলটি এ নাটকটি মঞ্চস্থ করবে আজ কলকাতার সল্ট লেকে। আর আগামীকাল রবীন্দ্রসদনে। নাটকটির প্রসঙ্গ ধরেই আনন্দ-এর মুখোমুখি হন সৈয়দ শামসুল হক। ‘হক ভাই, একটু কথা ছিল যে!’‘টেলিফোনেই বলবে, না সামনাসামনি?’‘আপনার সঙ্গে টেলিফোনে! এতটা স্পর্ধা হয়নি আমার।’‘তাহলে কাল সাড়ে ১০টায়’—বলে বসার জায়গা ঠিক করে দিলেন।পরদিন। রাস্তায় জ্যাম, ঠিক সাড়ে ১০টায় ফোন, ‘তুমি আসছ তো?’তখন দরজার সামনে আমি। হাত তুলে জানান দিলেন নিজের অবস্থান।কথা হবে তাঁর লেখা বাংলার মাটি বাংলার জল নাটকটি নিয়ে। রবীন্দ্রনাথের ছিন্ন পত্রাবলী অবলম্বনে নাটকটি লিখে তিনি দিয়েছিলেন নাট্যজন আতাউর রহমানকে। তাঁরই নির্দেশনায় পালাকার মঞ্চে আনল নাটকটি। সৈয়দ হক জানতেন আলোচনার বিষয়টি। তাই প্রশ্নের জন্য অপেক্ষা না করেই বলা শুরু করলেন, ‘আমি একটি নাটক লিখি বাংলার মাটি বাংলার জল নামে। এটি রবীন্দ্রনাথের ছিন্ন পত্রাবলী থেকে লেখা। যেটি তিনি শিলাইদহ, শাহজাদপুর, পতিসরে থাকাকালে আট-দশ বছরে লিখেছেন। আমি মনে করি, রবীন্দ্রনাথ যদি আমাদের এই বাংলাদেশে না আসতেন, তাহলে তিনি জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ হয়েই থাকতেন। বিশ্বের রবীন্দ্রনাথ হতেন না। মানুষকে দেখা, প্রকৃতি দেখা...তাঁর অনেক শ্রেষ্ঠ রচনাই এই সময়ে লেখা। ওই চিঠিগুলোর ওপরে নির্ভর করে আমি নাটকটি লিখেছি। এবং প্রথমবারের মতো মঞ্চে যুবক রবীন্দ্রনাথ এসেছেন। নাটকটি করছে পালাকার, আতাউর রহমানের নির্দেশনায়। তিন বা চারটি অভিনয় ঢাকায় হয়ে গেছে। এটা কলকাতায় যাচ্ছে, ৩ ফেব্রুয়ারি সল্ট লেকে আর ৪ ফেব্রুয়ারি রবীন্দ্রসদনে নাটকটি হচ্ছে। ৪ তারিখে আমি যাব। নাটক শুরুর আগে মঞ্চে দাঁড়িয়ে কিছু বলার ইচ্ছে আছে। একদিক থেকে সময়টা এমনভাবে এসেছে যে আমার রবীন্দ্রপ্রণাম, রবীন্দ্র-অভিজ্ঞতা এই নাটকের মাধ্যমে প্রকাশ পাবে। আমি নিজেও মনে করি, নাটকটি খুব ভালো দাঁড়িয়েছে।’জানতে চাই, ‘আপনি তো হাতে গোনা কয়েকজন মানুষকে নাটক দেন। নতুন দলটিকে বেছে নিলেন কেন?’একটু হাসেন সৈয়দ হক। ‘যাঁরা এখন ওপরস্তরে আছেন, তাঁদের সঙ্গেই আমার ব্যক্তিগত বন্ধুত্ব। তরুণদের দিয়ে যে নাটকটি হলো, তার রিহার্সেলেও আমি গেছি কয়েকবার দেখতে যে কী করছে তরুণেরা। তারা খুব সুন্দর করেছে; বিশেষ করে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করছেন যিনি, এবং সবাই মিলে খুব ভালো করেছে। মুকুল পালাকারের প্রাণপুরুষ, আতাউরের সঙ্গে আছে। নাটকটি দিয়েছিলাম আমি আতাউরকে। আতাউর বলল, “হক ভাই, যে ধরনের লোকবল লাগবে এবং যে তারুণ্যের প্রয়োজন, সেটা আমি একটি তারুণ্যনির্ভর দলে পাব”।’‘এই নাটকটি লেখার ভাবনা কীভাবে এল?’‘প্রায় ১১ বছর আগে আমি নাটকটি নিয়ে ভাবি। সে সময় সৌমিত্র চট্টোপাধ্যায় এসেছিলেন বাংলাদেশে। ওঁর সঙ্গে গুলশান ক্লাবে পাশাপাশি বসেছিলাম আমরা। একপর্যায়ে আমি তাঁকে বললাম, এ রকম একটি নাটকের কথা ভাবছি। নাটকটি লেখা শেষ হলে কলকাতায় কেউ কি সেটা মঞ্চে আনতে আগ্রহী হবে? তিনি খুব আশ্চর্য কথা বললেন, “কলকাতার দলগুলো তো ইন্টারেস্টেড হবেই, কিন্তু রবীন্দ্রনাথ করার মতো বোধহয় কাউকে পাওয়া যাবে না। এটা হলে আপনাদের এখানেই পাওয়া যাবে।” তো, এই কথার পর আমি ছিন্ন পত্রাবলী পড়তে থাকি এবং এটাকে নিয়ে ভাবতে থাকি। তারপর যেটা করি, ছিন্ন পত্রাবলী নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে আমার ১৪ ফুট টেবিলে ছড়িয়ে, এই চিঠি থেকে দু লাইন, ওই চিঠি থেকে চার লাইন—এমনি করে একটা কিছু দাঁড় করাই। এ কাজ করতে আমার আড়াই বছর সময় লেগেছে।’ জানালেন তিনি। বললেন, ‘আমি কয়েক দিন আগে শান্তিনিকেতনে গিয়েছিলাম। বিশ্বভারতীর উপাচার্য রজতকান্ত আমার কাছে এই নাটকের কথা শুনে বললেন, এটা নিয়ে কী করে নাটক হবে, এ তো চেতনাপ্রবাহ, চিঠি। ওরাও বুঝতে পারেনি। কিন্তু আমি মনে করি, কাজটা তো করা গেছে শেষ পর্যন্ত।’‘নাটকটি শেষ হচ্ছে “আমার সোনার বাংলা” দিয়ে। শুরুতেই কি এ ধরনের সমাপ্তি ভেবে রেখেছিলেন?’‘হ্যাঁ, সেটা শুরুতেই ভেবেছিলাম। এই গানটা কিন্তু পুরো নাটকের চাবি। যার জন্য গগন হরকরাকে বহু আগে থেকেই আমি বুনে বুনে এসেছি। সুরটা রবীন্দ্রনাথের মনে ধরিয়েছি। শেষ দিকে, এই যে মানুষগুলো দেখলেন, এই যে প্রকৃতি দেখলেন, এর মধ্য থেকে যে বাংলাদেশের অভ্যুদয়—এটা দিয়েই আমি শেষ করতে চেয়েছিলাম। গানটি প্রথমে যদি গাওয়া হতো, তাহলে জাতীয় সংগীত বলে সবাই হয়তো দাঁড়িয়ে পড়ত। তাই কবিতার মতো পড়তে পড়তে সুরে চলে আসে যখন, তখন আমি দেখেছি, দর্শক অভিভূত হয়ে উঠে দাঁড়ায়, আমার নিজের চোখেও পানি এসে গেছিল।’‘পালাকার কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে?’‘সেটা যদি বলো, তাহলে আমি একটা কথা বলি। একটা কবিতা যখন কেউ ভাবে, তার কল্পনার ভেতরে যেটা আছে, সবটাই কি সে নামাতে পারে? আমি তো সব সময়ই বলি, রবীন্দ্রনাথও তাঁর শ্রেষ্ঠ কবিতা লিখে যেতে পারেননি। যিনি সৃষ্টি করেন, তাঁর কল্পনার সঙ্গে বাস্তবের একটা দূরত্ব থেকেই যায়। আমরা যখন প্রেমে পড়ি, প্রেম সম্পর্কে একটা ধারণা থাকে এই রকম কিছু একটা...পরে সেটার যখন একটা বাস্তব রূপ পাই, তখন কিছুটা ছাড় দিয়ে, কিছুটা গ্রহণ করে আমরা বাস্তবে রূপ দিই। সব সময় কল্পনা থেকে বাস্তবের একটা দূরত্ব আছে। সেই অর্থে বলতে গেলে, পালাকার অসাধারণ করেছে।’সৈয়দ হকের সঙ্গে আরও অনেক কথা হয়। তিনি বলেন বায়ান্নর সন্তানদের কথা, জানান মঞ্চনাটকের প্রতি আগ্রহের কারণ, নতুন প্রজন্ম সম্পর্কে তাঁর ধারণা। একসময় কথা শেষ হয়। আমরা বেরিয়ে পড়ি যে যার গন্তব্যে।