মঞ্চে রবীন্দ্রনাথের নাটক
রবীন্দ্রনাথ ঠাকুরের সরাসরি নাটক কিংবা উপন্যাস ও ছোট গল্প থেকে অনেক নাটকই ঢাকার মঞ্চে মঞ্চস্থ হয়েছে, এখনো হচ্ছে। এর মধ্যে রবীন্দ্রনাথের একই নাটক একাধিক দল মঞ্চে এনেছে। যত দূর জানা যায়, ১৯৫৬ সালে নাটকের দল ড্রামা সার্কেল গঠিত হয়। পরপরই সম্ভবত ১৯৫৭ সালের দিকে মাকসুদুস সালেহীনের নির্দেশনায় রক্তকরবী মঞ্চে আসে। সেই সময় নাটকের মিলনায়তন না থাকায় রক্তকরবী নিয়মিত মঞ্চায়ন হয়নি। এরপর দলটি বজলুল করিমের নির্দেশনায় তাসের দেশ মঞ্চে আনে। ষাটের দশকে সাংস্কৃতিক সংঘ রক্তকরবী নাটকটি করেছিল। সেই সময় হাসান ইমাম নাটকটির নির্দেশনা দিয়েছিলেন। সদ্য স্বাধীন দেশে মুস্তাফা মনোয়ার টেলিভিশনে রক্তকরবী নাটকটি করেন। পরে তিনি ১৯৭২ সালের দিকে রেসকোর্স ময়দানে লাখো মানুষের সামনে রবীন্দ্রনাথের মুক্তধারা মঞ্চস্থ করেন। ঢাকার মঞ্চে সবচেয়ে বেশি রবীন্দ্রনাথের নাটক মঞ্চে এনেছে নাগরিক নাট্যসম্প্রদায়। আশির দশকের পর থেকে রবীন্দ্রনাথের নাটক দলটি মঞ্চে আনতে থাকে। প্রথম দিকে আলী যাকেরের নির্দেশনায় মঞ্চে আসে অচলায়তন, আবুল হায়াতের নির্দেশনায় আসে বিসর্জন ও রথের রশি নাটক দুটি। মুক্তধারা মঞ্চে আনেন খালেদ খান। ২০০০ সালের পর নাগরিক নাট্যসম্প্রদায়ের রক্তকরবী ও নাট্যত্রয়ী নাটক দুটি মঞ্চে আনেন আতাউর রহমান। বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় রক্তকরবী নাটকটি নিয়মিত মঞ্চস্থ হচ্ছে। এ ছাড়া পিপল্স লিটল থিয়েটার থেকে তাঁর নির্দেশনায় তাসের দেশ মঞ্চে আসে। তিনি রবীন্দ্রনাথের ১২৫তম জয়ন্তীতে রক্তকরবী, অচলায়তন, বিসর্জন ও মুক্তধারা নাটক চারটি থেকে কোলাজ করে আগল ভাঙ্গার পালা মঞ্চে আনেন। এটি প্রথমে যুক্তরাজ্যে মঞ্চস্থ হয়। পরে অবশ্য বাংলাদেশেও মঞ্চস্থ হয়েছে। থিয়েটার উপন্যাসের নাট্যরূপ থেকে করেছে দুই বোন ও ঘরে বাইরে। নাটক দুটির নির্দেশনা দিয়েছেন ফেরদৌসী মজুমদার। সেন্টার ফর এশিয়ান থিয়েটার নায়লা আজাদ নূপুরের নির্দেশনায় মঞ্চে আনে রাজা। সম্প্রতি দশরূপক নামে একটি দল নায়লা আজাদ নূপুরের নির্দেশনায় মঞ্চে এনেছে বিসর্জন। রাজা এবং অন্যান্য নাটকটি আজাদ আবুল কালামের নির্দেশনায় প্রাচ্যনাটও মঞ্চে এনেছে। নাটকটি এখন মঞ্চে নিয়মিত। এরপর অনন্ত হীরার নির্দেশনায় প্রাঙ্গণেমোর নাট্যদল মঞ্চে আনে শ্যামাপ্রেম ও রক্তকরবী, নূনা আফরোজের নির্দেশনায় স্বদেশী। চট্টগ্রামেও রবীন্দ্রনাথের বেশ কয়েকটি নাটক হয়েছে। চট্টগ্রামের তির্যক নাট্যদল আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় মঞ্চে আনে রক্তকরবী ও বিসর্জন। নাটক দুটি এখনো মঞ্চস্থ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগও রক্তকরবী নাটকটি করেছে। বর্তমান সময়ে পালাকার, স্বপ্নদল ও নাট্যালয়—এই তিনটি দল রবীন্দ্রনাথের ডাকঘর নাটক নিয়মিত মঞ্চস্থ করছে। নান্দনিক মঞ্চে এনেছে শাস্তি। এ ছাড়া ঢাকার আরও বেশ কয়েকটি দল রবীন্দ্রনাথের নাটক নিয়ে কাজ করেছে।