মঞ্চে রবীন্দ্রনাথের ‘বৈকুণ্ঠের খাতা’
লোক নাট্যদল (বনানী) তুষাগ্নি নাটকটি মঞ্চে এনেছিল ২০০৮ সালে। তিন বছর পর এবার দলটি মঞ্চে আনছে নতুন নাটক। নাম বৈকুণ্ঠের খাতা। এক সম্ভ্রান্ত পরিবারের সহোদর বৈকুণ্ঠ ও অবিনাশ। তোষামোদকারীদের প্ররোচনার শিকার হয়ে তাদের পারিবারিক জীবনে নেমে আসে নানা টানাপোড়েন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের নাটকগুলো সমকালীন প্রেক্ষাপটে লেখা। কিন্তু নাটকটির গল্প এখনো যথেষ্ট প্রাসঙ্গিক। এখন আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তোষামোদের বিষয়টি মারাত্মক আকার ধারণ করেছে। এতে নেতৃস্থানীয়দের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা লোপ পাচ্ছে, তৈরি হচ্ছে বিশৃঙ্খলা।’তিনি আরও বলেন, ‘আমরা বৈকুণ্ঠের খাতা নাটকের মধ্য দিয়ে সমকালীন সমস্যা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’নাটকের বৈকুণ্ঠ চরিত্রে অভিনয় করছেন জাহিদুর রহমান। তিন মাস ধরে নাটকটির মহড়া চলছে। কামরুন নূর চৌধুরী জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে এ মাসেই নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।