মঞ্চে রিপার্টরি থিয়েটারের আগ্রহ বাড়ছে
বাংলা থিয়েটারের জয়জয়কার যেই পশ্চিমবঙ্গে এখনো সেখানে রিপার্টরি থিয়েটারের সে ধরনের প্রভাব পড়েনি। ১০ বছর আগে নান্দিকারের রুদ্র প্রসাদ সেনগুপ্ত পেশাদার থিয়েটার নিয়ে নাড়াচাড়া শুরু করেন। তবে ওখানে গ্রুপ থিয়েটার চর্চার আধিপত্য এখনো বজায় রয়েছে। বাংলাদেশের রিপার্টরি থিয়েটারের কথা নব্বইয়ের দশকের শুরুতে চলে আসে। স্বাধীনতার পরপর থিয়েটারের নিয়মিত যাত্রা শুরু হলেও দীর্ঘ সময় পর কিছু নাট্যকর্মী রিপার্টরি থিয়েটারের প্রয়োজনীয়তা অনুভব করেন। নব্বই দশকের শুরুতেই বাঙলা থিয়েটার নামে রিপার্টরির যাত্রা শুরু হয়। ১৯৯৫ সালের দিকে এসে আরেকটি দল ‘নন্দন’ গঠিত হয়। তবে প্রথম দিকে বাঙলা থিয়েটারের রিপার্টরি চর্চা ঢাকার মঞ্চে আলোচনায় আসে। মানুষ, আদিম, লেবেদেফ প্রভৃতি নাটক দর্শককে আগ্রহী করে এ নাট্যচর্চায়। একটা সময় দলটি অনিয়মিত হয়ে পড়ে। একই সঙ্গে নন্দনও থেমে যায়। তবে ২০০০ সালের পর এসে বাঙলা থিয়েটার চে’র সাইকেল নাটকটি নিয়ে আবার মঞ্চে রিপার্টরি থিয়েটারকে জাগ্রত করে। এখনো ঢাকার মঞ্চে নাটকটি সমান জনপ্রিয়তা নিয়ে এগিয়ে আছে। সম্প্রতি দলটি দ্য ডিসট্যান্ট নিয়ার নামে আরেকটি নাটক মঞ্চে এনেছে। অন্যদিকে সেন্টার ফর এশিয়ান থিয়েটারকে এনজিওভিত্তিক থিয়েটার চর্চার কথা বলা হলেও তারা রিপার্টরি থিয়েটারের আদলেই কাজ চালিয়ে নিচ্ছে। পেশাদার থিয়েটারের মতোই অন্যান্য দল থেকেও এ দলে কাজ করতে আসছেন অনেকেই। অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকও দিচ্ছে। ভালো ভালো অনেক নাটকও তারা মঞ্চে এনেছে। কয়েক বছর ধরে বাঙলা থিয়েটার সেন্টার ফর এশিয়ান থিয়েটারের পথ ধরে আগ্রহী হয়ে বেশ কয়েকজন তরুণ মিলে অনেক পেশাদার দল গঠন করতে পেরেছেন। বিষয়টি কীভাবে দেখছেন? বিশিষ্ট নাট্যজন আতাউর রহমানকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ‘নিয়মিতভাবে নাটক না করতে পারলে পেশাদার থিয়েটার করা কঠিন। পেশাদার থিয়েটারের অর্থ হলো, বিভিন্ন দল থেকে ছেলেমেয়ে মিলে একটা নাটক তৈরি হবে। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দ্বারা তাঁরা পারিশ্রমিক পাবেন। কিন্তু আমাদের এখানে যে কাজ হচ্ছে, তাকে কি পেশাদার চর্চা বলা যায়? পেশাদার দল থেকে নাটক মঞ্চে আসার পর সপ্তাহে পাঁচ দিন ওই নাটকের প্রদর্শনী থাকতে হবে। মিলনায়তনও দর্শকে পূর্ণ থাকতে হবে। আদৌ কি ঢাকার নব্য রিপার্টরি দলগুলোর অবস্থা এ পর্যায়ে দাঁড়িয়েছে? আর এমন অবস্থা না হলে অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক আসবে না। দল চালানোও কঠিন হবে। এ জন্য পেশাদার দলকে টিকে থাকতে হলে ভর্তুকি থাকতে হবে। বর্তমানে আমাদের মঞ্চে রিপার্টরির কাজ ক্ষীণধারা। হয়তো একসময় আরও কাজ হবে। দাঁড়িয়ে যাবে রিপার্টরি। আমি কাউকে নিরুৎসাহিত করতে চাই না। আমাদের মঞ্চে গ্রুপ থিয়েটারের নাট্যচর্চার পাশাপাশি রিপার্টরি চর্চা তৈরির চেষ্টা করা খারাপ বলা যাবে না।’এদিকে থিয়েটারওয়ালা রিপার্টরি, দশরূপক, জন্মসূত্র, শূন্যন, নাট্যম রিপার্টরি প্রভৃতি দল পেশাদার নাট্যচর্চা শুরু করেছে। ইতিমধ্যে পেশাদার এসব দলের নাটক মঞ্চে নিয়মিতই মঞ্চায়িত হচ্ছে। এ বিষয়ে রিপার্টরি দলের প্রধান হাসান শাহরিয়ার বলেন, ‘পেশাদার থিয়েটারের মূল উদ্দেশ্য বিভিন্ন দল থেকে এসে এক জায়গায় কাজ করা। তাঁরা বিভিন্ন দলের নিয়মিত কর্মী। তাঁরা বিভিন্ন দল থেকে এসে কাজ করছেন। অভিজ্ঞতা হচ্ছে। ছোট টিম করে ভালো নাটকও করা যাচ্ছে। গ্রুপ থিয়েটার চর্চা করে যা হচ্ছে, তা হলো নিজের পকেটের পয়সা খরচ হচ্ছে। এক দিনের রিকশাভাড়াটাও আসছে না। রিপার্টরি থেকে অন্তত হাতখরচটা তো আসে। একই সঙ্গে ভালো নাটক করার তাগিদও থাকে। তবে আমি বলতে চাই, গ্রুপ থিয়েটার চর্চার পাশাপাশি রিপার্টরি আমাদের থিয়েটারকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, এখন ভালো কাজ করতে চাইলে পেশাদার থিয়েটারের সঙ্গে থাকতে হবে। বিভিন্ন দলের কর্মীরা এখন রিপার্টরিতে আগ্রহ দেখাচ্ছেন। গ্রুপ থিয়েটারের অন্তর্ভুক্ত দলে থেকে বাইরে এসে রিপার্টরির সঙ্গে কাজও করছেন অনেক নাট্যকর্মী।রিপার্টরি দল দশরূপকের বিসর্জন নাটকে অভিনয় করছেন বটতলা নাটকের কর্মী তাহমিদা সুলতানা মৌ। রিপার্টরি থিয়েটারে কাজের ব্যাপারে স্বাচ্ছন্দ্যবোধের কথা জানালেন তিনি। বলেন, ‘একটা সময় পর্যন্ত গ্রুপ থিয়েটার চর্চার সঙ্গে থাকা সম্ভব হয়। যখন জীবন-জীবিকার তাগিদ চলে আসে, তখন আর সম্ভব হয় না। হলেও ভালো কাজ করা যায় না। মাথায় তখন অন্য চিন্তা থাকে। এখন আমার পেশা অভিনয়। টেলিভিশনে কাজ করছি। পাশাপাশি রিপার্টরিতেও কাজ করছি। কেননা রিপার্টরিতে বছরের একটা নিদিষ্ট সময় পর্যন্ত কাজে চুক্তি থাকে। ফলে টেলিভিশনের কাজে সমস্যা হয় না। একদিকে আমি মঞ্চের দায়িত্ববোধও রক্ষা করতে পারছি, আবার সেখান থেকে জীবন-জীবিকার জন্য অর্থও আসছে।’নাট্যজন রামেন্দু মজুমদারও বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেন। তিনি বলেন, ‘বিষয়টি আমি খুবই ইতিবাচক হিসেবে দেখছি। ছেলেমেয়েরা বিভিন্ন দল থেকে এসে এক জায়গায় কাজ করছে, নতুন অভিজ্ঞতাও হচ্ছে। একটা দলে সীমাবদ্ধ থেকে বেশি কাজের সুযোগও এখন কমে গেছে। আমি বলতে চাই, নিজ দলের কাজ ঠিক রেখেই পেশাদার থিয়েটার চর্চা করা গেলে ভালো। ভবিষ্যতে রিপার্টরি আরও প্রসারিত হবে। নতুন নতুন ভালো মানের নাটকও তৈরি হবে। থিয়েটার চর্চাও বাড়বে।’একই কথা বললেন নাট্যম রিপার্টরি দলের অন্যতম প্রধান আইরিন পারভিন লোপা। ‘অনেক ছেলেমেয়েই থিয়েটারের প্রতি ভালোবাসা নিয়ে দল করতে আসে। কিন্তু একটা সময় তারা হতাশ হয়ে যায়। অনেকেরই থিয়েটারের স্বপ্ন ভেঙে যায়। আমি দীর্ঘদিন থিয়েটার করে দেখে আসছি। থিয়েটার থেকে রিকশাভাড়াটাও কর্মীরা পায় না। যদি থিয়েটার থেকে যৎসামান্য অর্থও আসত, তাহলে কর্মীদের মধ্যে তাগিদটা আরেকটু বেশি থাকত। এখন কিছু রিপার্টরি দল হয়েছে। নাটকও হচ্ছে। কিছু ছেলেমেয়ে সামান্য অর্থ পাচ্ছে। আশা করি, ভবিষ্যতে আরও প্রসারিত হবে এ চর্চা। তখন অর্থের জায়গাটাও বড় হবে। নাট্যকর্মীরা থিয়েটার নিয়ে ভাবনার সময়ও বেশি দিতে পারবে।’ বললেন লোপা।