মঞ্চে সেলিম আল দীনের ‘জুলান’
দ্যাশবাঙলা থিয়েটার গত বছর মঞ্চে এনেছে স্বপ্নরঙ নাটকটি। এক বছর পর এই দলটি আজ মঞ্চে আনছে সেলিম আল দীনের লেখা নাটক জুলান। মেসোপটেমীয় সময়েরও আগের একটি গল্প নিয়ে নাটকের কাহিনি। নারীর প্রেম আর দ্রোহের কথা উঠে এসেছে গল্পে। প্রাকৃতিক পরিবর্তনে বিপর্যস্ত হয়ে পড়ে একটি গোত্র। জন্মভিটা ছেড়ে যাওয়ার বেদনা এবং জুলান প্রান্তরে সচ্ছল জীবনের স্বপ্ন চোখে নিয়ে যাত্রা করে তারা। কিন্তু এই যাত্রা নিয়ে তৈরি হয় দ্বন্দ্ব। ঘটে করুণ পরিসমাপ্তি। নাটকটির নির্দেশনা দিয়েছেন ভারতের পশ্চিবঙ্গের নাট্যনির্দেশক প্রবীর গুহ। এর আগে নাটকের ওপর কয়েকটি কর্মশালা পরিচালনা করেছেন তিনি। গত অক্টোবর থেকে নির্দেশনা দিয়েছেন জুলান নাটকের। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটির কারিগরি প্রদর্শনী হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় একই মিলনায়তনে হবে উদ্বোধনী প্রদর্শনী। এর উদ্বোধন করবেন সেলিম আল দীনের স্ত্রী মেহেরুন্নেসা সেলিম।