টানটান কাহিনি। জেদ, লোভ, ক্ষমতার দম্ভ, উগ্র ইচ্ছা এসব কীভাবে মানুষকে ধ্বংসের কিনারায় নিয়ে যায় তারই বয়ান। ইডিপাস, ইডিপাস অ্যাট কলোনাস ও আন্তিগোনে —ত্রয়ী নাটকে মুগ্ধ দর্শক।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হয় সফোক্লেসের কালজয়ী সৃষ্টি গ্রিক ট্রিলোজি। অসীম দাশের নিদের্শনা ও ফেইমের কুশীলবদের পরিবেশনায় সাড়ে চার ঘণ্টার এ নাটকে ছিল না কোনো ছন্দপতন।
চট্টগ্রামের ডান্স, ড্রামা ও মিউজিকের স্কুল ফেইমের ২০ বছরে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এই নাটকের মঞ্চায়ন দিয়ে শুরু হলো কর্মসূচি।
সৈয়দ আলী আহসান ও সুধাংশরঞ্জন ঘোষের অনুবাদে এই নাটকের পোশাক, মঞ্চসজ্জা, আলোক পরিকল্পনা ও আবহ সংগীতে ছিলেন নির্দেশক অসীম দাশ। কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সন্ধ্যা সাতটায় টিআইসির মঞ্চে থাকবে নৃত্যশিল্পী তিলোত্তমা সেনগুপ্তার একক কত্থক নৃত্য।
এদিকে গতকাল দ্বিতীয় দিনে জমে উঠেছে ছোটদের বইমেলা। বেলা তিনটার পর থেকে পাঠক ও লেখকের পদচারণায় মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তন। যেখানে ১১১ জন শিশুসাহিত্যিকের বই নিয়ে চলছে মেলা। তিন দিনের এই আয়োজন শুরু হয় গত বৃস্পতিবার থেকে। যৌথভাবে এ মেলার আয়োজন করে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি ও স্বকাল শিশুসাহিত্য সংসদ।
গ্যালারি ভবনের দ্বিতীয় তলায় চলছে বইমেলা। আর ভবনের নিচতলার মিলনায়তন তখন মুখরিত আবৃত্তি প্রতিযোগিতা, সম্মাননা স্মারক প্রকাশনা, আবৃত্তি ও আলোচনা সভায়। আয়োজন শুরু হয় শিশুদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে। উদ্বোধন করেন দীপক বড়ুয়া।
প্রতিযোগিতার শেষে শুরু হয় রাশেদ রউফ সম্মাননা স্মারক প্রকাশনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন আনোয়ারা আলম। এরপর ফারুক হোসেনের সভাপতিত্বে শুরু হয় ‘সমকালীন শিশুসাহিত্য ও প্রকাশনা’ শিরোনামে আলোচনা সভা। এতে আলোচক ছিলেন মাহফুজুর রহমান, মোস্তফা হোসেইন, মনি হায়দার, বিপুল বড়ুয়া, জসীম মেহবুব ও পাশা মোস্তফা কামাল। এসবের ফাঁকে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ফারজানা করিম ও মুজাহিদুল ইসলাম।