মঞ্চে ‘নারীগণ’
পালাকার আজ মঞ্চে আনছে নতুন নাটক নারীগণ। নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে আজ সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। আতাউর রহমান বলেন, ‘আড়াই শ বছর আগের ঘটনা নিয়ে তৈরি হয়েছে নাটকের পটভূমি। পলাশীর যুদ্ধে পরাজিত নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর তাঁর পরিবারের নারীদের বন্দী করা হয়। এ সময় রাজপ্রাসাদের অন্তঃপুরে কী ঘটেছিল এবং বন্দিদশায় নবাব সিরাজউদ্দৌলার নানি, মা ও স্ত্রীর নানা উপলব্ধির কথা নিয়ে সূত্রপাত হয় নাটকের গল্পের। রয়েছে একজন নৃত্যশিল্পীর কথাও।’আতাউর রহমান আরও বলেন, ‘নাটকটির ক্যানভাস অনেক বড়। এই নাটকে নারীদের রাজনৈতিক সচেতনতা, ইচ্ছার স্বাধীনতা ও নারীর মর্যাদার কথাগুলো চমত্কারভাবে উঠে এসেছে।’ পালাকারের হলেও নাটকে চারজন নারীর চরিত্রে অভিনয় করেছেন নাগরিক নাট্য সম্প্রদায়ের ফারহানা মিঠু ও তানিয়া হোসাইন, চট্টগ্রামের নান্দিমুখের দীপ্তা রক্ষিত এবং প্রাচ্যনাটের জয়িতা মহলানবীশ।