মঞ্চে 'মর্ষকাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিয়েটার আর্ট ইউনিট আয়োজিত শিল্পকলা একাডেমিতে মর্ষকাম নাটকের একটি দৃশ্য l প্রথম আলো
থিয়েটার আর্ট ইউনিট আয়োজিত শিল্পকলা একাডেমিতে মর্ষকাম নাটকের একটি দৃশ্য l প্রথম আলো

ক্ষমতা স্থির নয়। ইতিহাস বলছে, ক্ষমতার হাত বারবার বদল হয়। যুগে যুগে ঠিক সেভাবেই হয়ে আসছে। ঠিক যেমন করে ক্ষমতা ও শোষণের বিরুদ্ধে প্রতিরোধ ও বিপ্লব সংঘটিত হয়। থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক মর্ষকাম ক্ষমতার সেই পালাবদলের উপাখ্যান, যা বিশ্বময় ধ্বংস করে চলেছে বিপ্লবের নতুন অঙ্কুরিত বীজ। এ নাটকের অন্তরালে রয়ে গেছে বিপ্লবের জয়গাথা, দৃশ্যমান হয় ক্ষমতার পালাবদলের পটভূমি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে হয়ে গেল নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। আকিকা মাহিনের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক। মর্ষকাম তিন অঙ্কের নাটক। তিনটি পৃথক অঙ্কে চক্রাকারে পুনরাবৃত্ত হয় একই নাটক, তিনটি ভিন্ন রূপে। প্রতিটি অঙ্কে বারবার ফিরে আসে একই সব চরিত্র প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী, সচিব, জেনারেল ও ‘মিস্টার এক্স’ নামের একটি বিশেষ চরিত্র। চলতে থাকে রাজনীতি ও ক্ষমতার খেলা,যার একমাত্র নিয়ন্ত্রক কোনো এক অদৃশ্য পরাশক্তির প্রতিনিধি ‘মিস্টার এক্স’।
নাটকে দেখা যায়, বারবার প্রতিরোধ গড়ে ওঠে, পরিবর্তিত হয় পুরোনো রাজনৈতিক দৃশ্যপট, আর শুরু হয় নতুন রাজনৈতিক পটভূমির কোনো এক ভিন্ন স্থানে, ভিন্ন আঙ্গিকে। কিন্তু অবসান হয় না সেই পুরোনো রাজনৈতিক ক্রিয়ার, সেই আদি ও অকৃত্রিম খেলার। সহজ কথায় বলতে গেলে মর্ষকাম চলমান বৈশ্বিক রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর পরাশক্তির পররাষ্ট্রনীতির নাটক। সেই পররাষ্ট্রনীতি, যা যুগ যুগ ধরে নিয়ন্ত্রণ করে আসছে বিশ্বের সব অবদমিত রাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ।
নাটকটিতে অভিনয় করেছেন মেহমুদ সিদ্দিকী, নুরুজ্জামান বাবু, মাহফুজ সুমন, এস আর সম্পদ, সজল চৌধুরী, সেলিম মাহবুব, স্বাধীন শাহ, রিয়াজ হোসেন, জামান, মোহাম্মদ বারী, চন্দন রেজা, ফেরদৌস আমিন, পিয়ার মোহাম্মদ, রাকিব, জায়েদ হোসেন, মাজিদুল মিঠু, সোনিয়া নাসরিন, সূচি চৌধুরী, সুমন আকন্দ, আকাশ মোদক, আবির সায়েম, ফারহানা আক্তার। মঞ্চ পরিকল্পনা শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনা সেলিম মাহবুব ও আলোক পরিকল্পনা করেছেন আবু সুফিয়ান। এটি থিয়েটার আর্ট ইউনিটের ১৯তম প্রযোজনা।