
রাজধানীর মঞ্চে এল আরেকটি নতুন নাটক। নিয়মিত মঞ্চায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আমন্ত্রিত অতিথিদের জন্য নতুন এই নাটকের বিশেষ মঞ্চায়নও হলো গতকাল শনিবার সন্ধ্যায়। নাটকের নাম স্বপ্ন পথিক। লিখেছেন হারুন রশীদ এবং নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। নাটকটি প্রযোজন করছে নাট্যদল আরণ্যক। দলের সূত্রে জানা গেছে, এটি তাদের ৫২তম প্রযোজনা। ২৮ অক্টোবর থেকে নাট্যামোদি দর্শকদের জন্য নিয়মিত মঞ্চায়ন শুরু হবে।
সাভারের পোশাক তৈরি কারখানার ভবন ধসের ঘটনাকে উপজীব্য করে রচিত হয়েছে নাটকটি। নাটকের শুরুতেই তুলে ধরা হয় পোশাকশ্রমিকদের জীবন সংগ্রামের চিত্র। নিরন্তর কঠিন পরিশ্রমে এই শ্রমিকেরা পোশাকশিল্পকে এগিয়ে নিচ্ছেন। এরপর দেখা যায়, বেতন না দেওয়াসহ পোশাকশ্রমিকদের বিভিন্ন সমস্যা। তাদের বাধ্য করা হলো ফাটল ধরা ভবনে কাজে আসতে। কাজ শুরু করতেই ধসে পড়ল ভবনটি। এরপর বিপুল ত্রাণ তৎপরতার দৃশ্য। উদ্ধার কাজে সরকারি প্রচেষ্টার আগেই মানবিকতার তাগিদে সাধারণ মানুষ নেমে পড়ে উদ্ধার কাজে। এরপর সরকারি বাহিনী ও সংস্থার স্বেচ্ছাসেবীদের মৃতদেহ উদ্ধার ও আটকে পড়া মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা। নাটকের কাহিনির ভেতর দিয়ে পর্যায়ক্রমে চলে আসে আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা, সংবাদের পেছনে ছোটা সংবাদকর্মীদের ভূমিকাসহ উদ্ধারকাজের পূর্ণাঙ্গ চিত্র। সব মিলিয়ে মানুষের প্রতি মানুষের সহমর্মিতা ও ভালোবাসার শক্তির প্রতিফলন ঘটেছে নাটকের কাহিনিতে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, রুবলী চৌধুরী, আরিফ আহম্মেদ, আবু হাসিম, মাসুদুজ্জামান, চিত্র ছবি, কামরুল, মনির জামান প্রমুখ।