নতুন ও পুরোনো নাটক মঞ্চায়ন থেকে শুরু করে থিয়েটারের সাংগঠনিক কাজ, নাট্য মিলনায়তনসহ নানা বিষয় এবং নানা ঘটনা নিয়ে এ বছরও ঢাকার মঞ্চ সরব ছিল। এখান থেকে ১০টি আলোচিত ঘটনা তুলে আনা হয়েছে। লিখেছেন শফিক আল মামুনদ্বিতীয়বার আইটিআইয়ের বিশ্ব সভাপতি নির্বাচিতপৃথিবীর সবচেয়ে বড় থিয়েটার সংগঠন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) থেকে দ্বিতীয়বারের মতো আবারও বিশ্ব সভাপতির পদটা দখলে নিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার। ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর চীনের শামেনে বিশ্ব নাট্যপ্রতিনিধিদের দেওয়া সবচেয়ে বেশি ভোটে সদস্য নির্বাচিত হন। প্রথমে সদস্য দেশ মিলে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেখানে ৫২টি ভোটের মধ্যে ৪৪টি পান রামেন্দু মজুমদার। পরে নির্বাচিত ২০ সদস্য মিলে সভাপতি নির্বাচন করেন রামেন্দু মজুমদারকে। এর আগে ২০০৮ সালে স্পেনের মাদ্রিদে প্রথমবারের মতো আইটিআইয়ের বিশ্ব সভাপতি নির্বাচিত হন তিনি।মঞ্চে প্রথম সরকারি অনুদানদীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর মঞ্চনাটকের ইতিহাসে থিয়েটার চর্চার জন্য প্রথম অনুদান দেয় বাংলাদেশ সরকার। নাটকের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনকে ২০১১ সালের মার্চ-এপ্রিলে প্রায় ৬২ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়। এখান থেকে ফেডারেশন এরই মধ্যে সারা দেশে নাট্যকর্মীদের নিয়ে কর্মশালা ও বিভাগীয় নাট্যোৎসব এবং ঢাকায় বড় বড় দুটি নাট্যোৎসব শেষ করেছে। ফলে নাট্যচর্চায় নতুন মাত্রা পেয়েছে দলগুলো।রবীন্দ্রনাথের একাধিক নাটকবাংলাদেশের মঞ্চনাটকে এত দিন রবীন্দ্রনাথের হাতেগোনা কয়েকটি নাটক মঞ্চায়ন হয়ে আসছিল। কিন্তু প্রথমবারের মতো এ বছর একসঙ্গে রবীন্দ্রনাথের একাধিক নাটক মঞ্চে আসায় ঢাকার মঞ্চের চিত্রই পাল্টে গেছে। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে শেষের কবিতা, রথের রশি, রথযাত্রা, কালের যাত্রা, মুক্তধারা, মুক্তির উপায়, চিত্রাঙ্গদা, নষ্টনীড়, আপদ, দেবতার গ্রাস, নিশিমন বিসর্জন, রাজা, চণ্ডালিকা, বৈকুণ্ঠের খাতা প্রভৃতি নাটক মঞ্চে এসেছে।একাধিক মুক্তিযুদ্ধের নাট্যোৎসবস্বাধীনতার ৪০ বছর পর এ বছর বাংলাদেশের মঞ্চনাটকে একটু ভিন্নতা এসেছে। শুধু মুক্তিযুদ্ধের নাটক নিয়ে এবার মঞ্চপাড়া বেশ আলোচনায় ছিল। বছরের শুরু থেকেই এসব নাটক নিয়ে উৎসব শুরু হয়। ১ মার্চ থেকে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের নাটক নিয়ে উৎসব করে পথনাটক পরিষদ। বছরের মাঝামাঝি সময়ে এসে থিয়েটার আর্ট ইউনিট উৎসব করে আরও একটি মুক্তিযুদ্ধের নাটক। ১ ডিসেম্বর থেকে মহাকাল প্রায় নয় দিনব্যাপী মুক্তিযুদ্ধের নাটক নিয়ে সফলভাবে শেষ করে নাট্যোৎসব। এর রেশ না কাটতেই ১১ ডিসেম্বর থেকে শিল্পকলা ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন যৌথভাবে আট দিনের মুক্তিযুদ্ধের নাট্যোৎসব করে।একাধিক নাটকের শততম মঞ্চায়নঢাকার বেশ কয়েকটি বড় দল তাদের চলতি প্রযোজনার শততম মঞ্চায়ন শেষ করেছে এ বছর। মহাকাল নাট্যসম্প্রদায় তাদের মুক্তিযুদ্ধের নাটক ঘুম নেই নাটকটির শততম মঞ্চায়ন করেছে ৮ ডিসেম্বর জাতীয় নাট্যশালায়। এর আগে নভেম্বর মাসে ঢাকা থিয়েটারের সাড়া জাগানো একক নাটক বিনোদিনীর শততম মঞ্চায়ন শেষ হয়েছে। বছরের শুরুর দিকে আরণ্যক নাট্যদলের জনপ্রিয় প্রযোজনা রাঢ়াঙ নাটকটির শততম মঞ্চায়ন করেছে।দেশের বাইরে উদ্বোধনী মঞ্চায়নবাংলাদেশের মঞ্চনাটকের পরিচিতিটায় একটু ভিন্নতা এসেছে। ২০০৯ সালের ১৮ ডিসেম্বর সময় এর শেষ সংলাপ নাটকটি কলকাতার একাডেমি অব ফাইন আর্টস মঞ্চে উদ্বোধন করে। সেই সময় এ নতুনত্বের বিষয়টি ঢাকার মঞ্চে আলোচনায় উঠে আসে। মাঝখানে একটু বিরতি পেলেও আবার একই ধারায় ফেরে ঢাকার নাটক। এ বছর আরও দুটি নাটক দেশের বাইরে উদ্বোধন করা হয়েছে। ২৬ আগস্ট আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রাঙ্গণেমোর নাট্যদলের শেষের কবিতা নাটকটির উদ্বোধন হয় কলকাতার মধুসূদন মঞ্চে। এদিকে বাঙলা থিয়েটারের নাটক দি ডিসটেন্ট নেয়ার নাটকটির প্রাথমিকভাবে কারিগরি মঞ্চায়ন বাংলাদেশে হলেও স্কটল্যান্ডের এডিনবার্গে সিরেন্স উৎসবে উদ্বোধন মঞ্চায়নসহ ধারাবাহিক মঞ্চায়ন হয়। ২২ থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রদর্শনী হয় নাটকটির।মঞ্চনাটকের সূতিকাগার মহিলা সমিতি ভেঙে ফেলাবাংলাদেশের মঞ্চনাটকের সূতিকাগার হিসেবে বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চের ইতিহাস সব সময়ই উজ্জ্বল হয়ে থাকবে। স্বাধীনতাযুদ্ধের পর মঞ্চনাটকের গতি ফিরে আসে এ মঞ্চের হাত ধরেই। ১৯৭৩ সালে দর্শনীর বিনিময়ে নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় মিলনায়তনটির যাত্রা। দীর্ঘদিন কোনো সংস্কারকাজ না হওয়ায় প্রায় পাঁচ বছর ধরে এ মিলনায়তনটি নাটক মঞ্চায়নের অনুপযোগী হয়ে পড়ে। ফলে নাটক মঞ্চায়ন হতো জাতীয় নাট্যশালায়। নাট্যকর্মীদের দাবির মুখে এ বছরের ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এটি ভেঙে ফেলা হয়। কারণ, জায়গাটিতে ৩০০ ও ৫০০ আসনের আধুনিক মিলনায়তন হবে।রেপার্টরি থিয়েটারে আগ্রহনব্বই দশকের শুরুতে রেপার্টরি থিয়েটার ঢাকার মঞ্চে আলোচনায় আসে। সেই সময় বাঙলা থিয়েটার আদিম মানুষ, লেবেদেফ প্রভৃতি নাটক মঞ্চে এনে আলোচনায় উঠে আসে। ২০০০ সালের পর চের সাইকেল নাটকটিও সেই আলোচনায় যোগ হয়। পরে আসে থিয়েটারওয়ালা রেপার্টরি। এত দিন দু-একটা দলই ধীরে ধীরে কাজ করেছে। কিন্তু এ বছর নাট্যকর্মীদের মধ্যে রেপার্টরি থিয়েটারে বেশ আগ্রহ দেখা গেছে। বেশ কয়েকটি নতুন দলও গঠন হয়েছে। দলগুলোর প্রযোজনাও নিয়মিত মঞ্চস্থ হচ্ছে। শূন্যন, দশরূপক, নাট্যম রেপার্টরিসহ আরও কয়েকটি রেপার্টরি নাটকের দল কাজ শুরু করেছে।একাধিক একক নাটক মঞ্চে ও প্রথম একক নাটকের নাট্যোৎসবএকক নাটকের মঞ্চে আসার হিড়িক ছিল এ বছর। প্রথমবারের মতো একক নাটক নিয়ে ঢাকার মঞ্চে উৎসবও হয়েছে এবার। লাল জমিন, ডিসটেন্ট নেয়ার, কহে বীরাঙ্গনা, জানালায়, তারামন বিবি প্রভৃতি একক নাটক মঞ্চে আসে। একই সঙ্গে কোকিলারা, বিনোদিনী, আমি বীরাঙ্গনা বলছি, স্ত্রীর পত্র, সীতার অগ্নিপরীক্ষা, বিফোর ব্রেক ফাস্ট প্রভৃতি নাটক নিয়ে ঢাকার মঞ্চে প্রথম একক নাট্যোৎসব হয়।