মঞ্চের তপোবনে 'শকুন্তলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নৃত্যনাট্য ‘শকুন্তলা’ পরিবেশন করছেন ভাবনার শিল্পীরা। ছবি: সাইফুল ইসলাম
গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নৃত্যনাট্য ‘শকুন্তলা’ পরিবেশন করছেন ভাবনার শিল্পীরা। ছবি: সাইফুল ইসলাম

অনেক বছর পর ঢাকার মঞ্চে আবারও এল কালিদাসের শকুন্তলা। নৃত্যগীতপ্রেমীদের ছুটির সন্ধ্যাটা আনন্দে ভরিয়ে দিল এই মঞ্চায়ন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের মঞ্চে ছিল নৃত্যনাট্য শকুন্তলা। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম-এর কাহিনি অবলম্বনে সামিনা হোসেনের নির্দেশনায় এটি মঞ্চায়ন করেন নাচের দল ভাবনা-এর শিল্পীরা। মঞ্চসজ্জা, আলো, সুমন সরকারের সংগীত পরিচালনায় কাজী নজরুলের গানে নানা বয়সী শিল্পীর নাচও মুগ্ধ করেছে দর্শকদের।
শুরুতেই মঙ্গলদ্বীপ জ্বেলে প্রদর্শনীর শুভারম্ভ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। আসাদুজ্জামান নূর বলেন, ‘এই বৈরী সময়ে এ ধরনের আয়োজন আরও বেশি করে করতে হবে।’
নাটক শেষে সামিনা দর্শকদের ধন্যবাদ দেন। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে শিল্পকলা একাডেমি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
ভাস্কর্য প্রদর্শনী উদ্বোধন করলেন পক্ষাঘাতগ্রস্তরা
আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে বিভিন্ন আকারের বাক্সের ওপর রাখা মন পবনের নাও, ইঁদুর দৌড়, স্বপ্নচারী শিরোনামের বিভিন্ন ভাস্কর্য। দর্শনার্থীদের মধ্যে অধিকাংশই বসা হুইলচেয়ারে। পক্ষাঘাতগ্রস্ত এ দর্শনার্থীরা শুধু দর্শকই নন, প্রতিটি ভাস্কর্য তৈরিতে আছে তাঁদের অংশগ্রহণ। গতকাল সন্ধ্যায় তিন পক্ষাঘাতগ্রস্ত মানুষ উদ্বোধন করেন শিল্পী আরহাম উল হক চৌধুরীর ১৩তম একক শিল্প-প্রদর্শনী ‘কঠিন অনুভব’।
শিল্পী বলেন, সিআরপিতে শারীরিক অক্ষম ব্যক্তিদের জন্য গতিশীল উপকরণ (হুইলচেয়ার, ক্রাচ) তৈরির একটি কর্মশালা হয়। সেই কর্মশালার ফেলে দেওয়া ভাঙা লোহালক্কড় দিয়ে ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য এই মানুষদের একটু সবার নজরে নিয়ে আসা। প্রদর্শনী চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।
বীরকন্যা প্রীতিলতাকে স্মরণ
গান-নাচ-কবিতা আর স্মৃতিচারণে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রসেনানী, অগ্নিযুগের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে স্মরণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে উদীচী ঢাকা মহানগর সংসদ।
অনুষ্ঠানের শুরুতে ‘যখন তোমার ভাঙবে ঘুম, তখন তোমার সকাল’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন উদীচী’র নৃত্যশিল্পীরা। সংগঠনের সহসভাপতি অধ্যাপক এ এন রাশেদার সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার ও উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।