মঞ্চের পেছনে

‘ও নো! আমি তো গয়নাই আনি নাই...’
সবাই গ্রিনরুমে পোশাক পরে প্রস্তুত। কিন্তু মাহির কোনো খবর নেই। পরে জানা গেল, মাহি নাকি বসে অনুষ্ঠান দেখছে। তাঁর পোশাক নকশা করেছেন রামীম রাজ। মাহিকে ফোন করলেন। মাহি ঢুকেই বললেন, ‘সরি ভাই, আমি স্যান্ডেল আনতে ভুলে গেছি।’ পাশেই বসে ছিলেন নিপুণ। তিনি মাহিকে বলেন, ‘মাহি, আমি পারফরম করে এলে তুমি আমার জুতা পরতে পারো।’ মাহি তাঁকে ধন্যবাদ দিয়ে পোশাক বদলাতে চলে গেলেন। অনেকেই তাঁর সঙ্গে ছবি তুলতে চান। তাঁদের অনুরোধ করে মাহি বললেন, ‘আগে আমাকে রেডি হতে দেন, তারপর ছবি তুলব।’ এরপর মাহি তার ব্যাগ খুলে যেন আকাশ থেকে পড়লেন। চিৎকার করে বললেন, ‘ও নো! আমি তো গয়নাই আনি নাই!’ বাসায় ফোন দিচ্ছেন। রামীম বলেলেন, ‘এখন আর বাসায় যাওয়ার দরকার নেই।’ পরে গয়না ছাড়াই মঞ্চে পারফরম করেন মাহি।

শুধুই সেলফি
অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই ব্যস্ত যাঁর যাঁর পারফরম্যান্স নিয়ে। লবিতে অনেকেই শেষ মুহূর্তের অনুশীলন করছেন। কিন্তু মেহজাবিন নিজেকে ব্যস্ত করে রেখেছেন সেলফি তোলায়। দর্শকসারিতে বসেও এ কাজটি করেছেন তিনি।
হাতে সময় ২ মিনিট!
দুই মিনিট পরই মঞ্চে উঠতে হবে। মেহ্জাবীন তৈরি। তাহসান হঠাৎ আবিষ্কার করলেন, তাঁর গিটারটা গাড়িতেই রয়ে গেছে। হলভর্তি দর্শক। সেই পথ দিয়ে বের হওয়ার উপায় নেই। পেছনে কোন পথে বাইরে যাবেন, সেটা জানেন না তাহসান। কী হবে এখন? সময় নষ্ট না করে তাই গিটার আনতে মঞ্চের পেছন দিয়েই ছুটলেন তিনি। অনেককেই জিজ্ঞেস করলেন, ‘বাইরে যাওয়ার রাস্তা কোন দিকে?’ শেষে পথ খুঁজে পেলেন। সেই পথে যাওয়ার সময় কয়েকজন সেলফি-শিকারি ভক্তের কবলেও পড়তে হয় তাঁকে। হাতে আছে মিনিট খানেক। হল থেকে বের হলেন ঠিকই, কিন্তু ভেতরে ঢোকার কার্ড সঙ্গে নিতে ভুলে গেলেন। পরে বাইরে থাকা এক স্বেচ্ছাসেবকের সহায়তায় ঠিক সময় গিটার নিয়ে মঞ্চে উঠলেন তাহসান। গাইলেন তিনি, সঙ্গে ছিল মেহ্জাবীনের নাচ। কিন্তু তাঁদের পরিবেশনা দেখে কেউ বুঝতেই পারেননি যে, মাত্র কয়েক মুহূর্ত আগেও তাহসানকে কী ঝামেলা পোহাতে হয়েছে!

আমি তোমাকে অনেক পছন্দ করি
মঞ্চের সামনে দর্শক-সারিতে বসেছেন চিত্রনায়িকা মাহি। অনুষ্ঠান শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই হাজির হলেন শাবনূর। বসলেন মাহির দুই সারি পেছনে, সোজাসুজি। মাহি কী এক কারণে মাথা ঘোরাতেই চোখে পড়ল শাবনূরকে। দ্রুত ছুটে যান শাবনূরের দিকে। ব্যাপারটি শাবনূরও খেয়াল করলেন। তারপর যা হওয়ার তা-ই হলো। একে অন্যকে জড়িয়ে ধরলেন। শাবনূর মাহিকে অর্ধেক চেয়ার ছেড়ে দিয়ে পাশে বসালেন। মাহিকে আদর করতে করতে বললেন, ‘আমি তোমাকে অনেক পছন্দ করি। তোমার ছবি দেখেছি।’

পালাচ্ছেন নাকি?
অনুষ্ঠান শুরু হতে তখনো ২০ মিনিট বাকি। গ্রিন রুমের সবাই মহা ব্যস্ত। কলাকুশলীরা কেউ মেকআপ নিচ্ছেন, কেউ শেষবারের মতো নিজেদের ঝালাই করে নিচ্ছেন। অনুষ্ঠানের অন্যতম উপস্থাপক সাজু খাদেম ব্যস্ত শেষবারের মতো স্ক্রিপ্ট পড়া নিয়ে। পড়তে পড়তে হুট করে গ্রিন রুমের বাইরে এলেন। পেছনের দরজার দিকে এগোতে লাগলেন। পেছন থেকে কেউ একজন বললেন, ‘ভাই কি পালাচ্ছেন?’
ঘুড়ে দাঁড়ালেন সাজু। হাসিমুখে প্রশ্নকর্তার দিকে তাকালেন। বললেন, ‘না ভাই, পালাচ্ছি না। একটু বাইরে হাওয়া খেতে যাচ্ছি।’
সাজু খাদেম পালাননি।
চওড়া ঘুম
তখনো অনুষ্ঠান শুরু হতে ঘণ্টা খানেক বাকি। মোশাররফ করিমকে খোঁজা হচ্ছে। কিন্তু তিনি কোথাও নেই। মঞ্চের পেছনে বিভিন্ন জায়গায় তারকাদের টুকরো টুকরো আড্ডা জমে উঠেছে। এদিকে গ্রিনরুমের ৩ নম্বর কক্ষে ঢোকামাত্রই নাক ডাকার শব্দ শোনা যায়। কে ঘুমাচ্ছে? কোথায় ঘুমাচ্ছে? কয়েক মুহূর্তে মধ্যেই জানা গেল, কালো পর্দা দিয়ে ঘেরা পোশাক বদলের স্থান থেকেই আসছে নাক ডাকার শব্দ। পর্দা ফাঁক করতেই দেখা গেল মোশাররফ করিমকে। তিনিই ঘুমাচ্ছেন। ঘুম থেকে উঠলেন মোশাররফ করিম। ইন্তেখাব দিনার হেসে বলেলেন, ‘ভাই! যে লম্বা একটা ঘুম দিয়েছেন...।’ মোশাররফ করিম বললেন, ‘অনেক আগে এসেছিলাম, ঘরটাও ফাঁকা ছিল। তাই একটু ঘুমিয়ে নিলাম।’
গ্রন্থনা: আদর রহমান, রাফাত জামিল ও ফারহানা হাসান

