মঞ্চের পেছনের গল্প

মঞ্চে যা ঘটে দর্শক সামনে বসে আপাতদৃষ্টিতে তা–ই দেখেন। কিন্তু মঞ্চের পেছনের গল্পের হদিস কতটা পায়..? আচ্ছা!
এই তো সেই দিনের কথা। ২৯ এপ্রিল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫’-এর জমকালো আয়োজন। সন্ধ্যা ছয়টা। প্রস্তুত বিশাল আলো ঝলমলে মঞ্চ। মঞ্চের সামনে বসে আছেন দেশের বিভিন্ন অঙ্গনের সুধীজনেরা। সবার দৃষ্টি তখন মঞ্চের দিকে। কী ঘটবে এবার মেরিলের মঞ্চে? কারা ঘটাবেন? পুরস্কার পাবেন কে কে ইত্যাদি। এই আগ্রহ আর উত্তেজনার যেন বিশ্রাম নেই।
ঠিক সেই মাহেন্দ্রক্ষণে মঞ্চের পেছনের চিত্র কেমন ছিল? অনুষ্ঠানের নেপথ্যের কারিগর থেকে শুরু করে শিল্পীদের অবস্থা কেমন ছিল? সেই সব গল্প নিয়ে বলব পেছনের কথা।
প্রথমেই চোখ পড়ে শহিদুল ইসলাম সাচ্চুর দিকে। পোশাকে বাংলা সিনেমার বিত্তবান বাবা। হাতে দোনলা বন্দুক। হঠাৎ দৌড়ে সাজ ঘরে এসে বোতলের মুখে পানি খেতে লাগলেন। পাশে বসে আছেন চিত্রনায়ক ফেরদৌস। ‘অ্যানি প্রবলেম সাচ্চু ভাই?’ শহিদুল ইসলাম সাচ্চু বললেন, ‘আরে না। একটু পরে মঞ্চে বিত্তবান বাবার হুংকার দেব তো! তাই গলাটা একটু ভিজিয়ে নিলাম।’
অন্য এক সাজ ঘরে নুসরাত ফারিয়া। সাজ নিচ্ছেন। কিন্তু মুখে হাসি নেই। চেহারাটা যেন ঢেকে গেছে বিষণ্নতার কালো মেঘে। অথচ আগের দিন মহড়ায় কত হাসি-ঠাট্টা আর আনন্দই না করলেন তিনি। তাহলে আজ হঠাৎ কী হলো ফারিয়ার? কারণ জানতে ফারিয়ার কাছে এলেন আরিফিন শুভ। ‘কী হয়েছে ফারিয়া? মন খারাপ?’ এবার ফারিয়ার ঠোঁটের কোণে দেখা মিলল মৃদু হাসি। ‘টেনশনে আছি। ভয় লাগছে মঞ্চে গিয়ে কী করব? তোমার ভয় লাগছে না?’ ফারিয়ার কথা শেষ না হতেই শুভ গাইতে শুরু করল গান ‘ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই এক সাথে।’
কথায় আছে না! ভয়ের পরে জয়। হ্যাঁ, ঠিক তা-ই। একটু পরেই মঞ্চে উঠলেন শুভ-ফারিয়া। মঞ্চের পেছনে জমা হওয়া সব ভয় দূর করে পরিবেশন করে চললেন তাঁদের চমৎকার সব অভিনয় নৈপুণ্য।
মঞ্চের পেছনে যেমন দেখা যায় শিল্পী ও কলা-কুশলীদের উৎকণ্ঠা আর উত্তেজনা, তেমনি ঘটে নানা বিড়ম্বনা। আর সেই বিড়ম্বনার শিকার হলেন সাঈদ বাবু ও মাজনুন মিজান। পুলিশের পোশাক পরে দুজন প্রস্তুত মঞ্চের পেছনে। কারণ একটু পরেই তাঁদের মঞ্চে প্রবেশ। হঠাৎ একজন এসে বললেন ‘এখানে পুলিশ কেন? ওনাদের বাইরে দাঁড়াতে বলেন।’ কথা শুনে ঘুরে দাঁড়ালেন দুজন। পিস্তল তাক করলেন সাঈদ বাবু আর মাজনুন মিজান। ‘খবরদার! আমরা নকল পুলিশ। একদম ফায়ার করে দেব কিন্তু, ততক্ষণে সবাই বুঝে যায় ব্যাপারটি। হাসি কি আর তখন বাধা মানে?
সেই হাসিকে এবার অট্টহাসিতে পরিণত করলেন আরেকজন। তিনি মোশররফ করিম। হঠাৎ পেছন থেকে এসে বললেন ‘কিরে ভাই, কী হইছে? এত হাসতাছোইন ক্যারে?’
মঞ্চ থেকে ডাক পড়ে মোশাররফ করিমের। তবে এই ডাক মোশাররফ করিমের কাজের সাফল্যের স্বীকৃতি হাতে পাওয়ার ডাক। অর্থাৎ ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫’-এর শ্রেষ্ঠ টিভি অভিনেতার পুরস্কার হাতে পাওয়ার ডাক। সবার দৃষ্টি আবার মঞ্চে।