মঞ্চের পেছনের গল্প
মঞ্চ এক অদ্ভুত জায়গা। ঝাঁজালো আলোতে চোখ তুলে তাকানো দায়। আলোর কারসাজিতে ঢাকা থাকে চারপাশটা। সবার ভাবনা-চিন্তা, গল্প—সব এই মঞ্চকে ঘিরেই। তাই বলে এর পেছনে ঘটে যাওয়া অভিমান, খুনসুটি, দুষ্টুমি আর ভালো লাগাগুলোকেও কিন্তু তুচ্ছ করা যায় না। আমার আজকের গল্পগুলো মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণীর জাঁকালো অনুষ্ঠানে মঞ্চের পেছনে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে।সহোদর মোশাররফ ও চঞ্চলঅনুষ্ঠান শুরু হতে দেরি নেই আর। ভিড়ের মধ্যেই একটু জায়গা নিয়ে দেখতে থাকি সবাইকে। অস্থির সব। তাড়াহুড়োয় অনেকেই ভুলে যাচ্ছে এটা-সেটা। মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবে। চাট্টিখানি কথা নয়। এরই মধ্যে খোশগল্পে মত্ত দুজন তারকাকে দেখে অবাক হতে হয়। মঞ্চের সবচেয়ে কঠিন দায়িত্বটি পালন করেছেন তাঁরা। কিন্তু এর জন্য লেশমাত্র চিন্তার ছাপও পড়েনি তাঁদের চোখেমুখে। একই রঙের কাপড় পরে পায়চারি করছিলেন চারপাশে। অন্যদের সঙ্গে মজাও করছিলেন ঢের। পেছন থেকে পাশাপাশি দুজনকে দেখতে একই রকম মনে হয়। আহা রে, ঠিক যেন যমজ দুই সহোদর!ওগো বিদেশিনীইংরেজিতে কিঞ্চিত্ দুর্বল হওয়ার কারণে চার বিদেশি নৃত্যশিল্পীর কাছ থেকে ছিলাম দূরে দূরে। কিন্তু তাঁরা সহজ পাত্র নন, খুঁজে খুঁজে সবার সঙ্গে কথা বলতে হবে। তুলতে হবে ছবি। ক্যামেরার সাটার পড়তে না-পড়তেই তাঁরা হাসতে শুরু করেন। অতিরিক্ত মিশুক। ভালো লাগে খুব। সেই ভালো লাগায় আচ্ছন্ন হয়েই কোন সময় যেন আউড়ে উঠি, ‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী।’খুঁজে মরি মিছে মিছেঅনুষ্ঠানের শুরুতেই প্রভার নাচ। সাজুগুজু করে তৈরি হয়েছিলেন তিনি। মনে মনে হয়তো কিছুটা অস্থির। কখন মঞ্চে প্রবেশ করবেন, কোন লাইনে দাঁড়াবেন—এসব নিয়ে প্রশ্ন করছিলেন কয়েকজনকে। খুঁজছিলেন চিত্রনায়ক ফেরদৌসকে। কিন্তু ততক্ষণে ফেরদৌস মঞ্চে। হায় রে, খোঁজাই বৃথা। অন্যদিকে বাঁধন হারিয়েছেন তাঁর মুঠোফোন। ‘আমার মোবাইল, আমার মোবাইল’ বলে খুঁজছিলেন চারপাশে। কয়েকজন তারকা তখন এগিয়ে এলেন সাহায্যের জন্য। চারপাশে তারকাদের এমন খোঁজাখুঁজির হিড়িক দেখতে মন্দ লাগে না। দলবল নিয়ে ছোটাছুটিসময় নিয়ে কপি খাচ্ছেন সাজু খাদেম। এক কোনায় বসে নিজের আঁচল খুঁটছিলেন মোনালিসা। লাক্স তারকা মুনমুন এদিক-ওদিক শুধু ছুটছেন। কেন ছুটছেন, কে জানে! নাচবেন অপি করিম, তাঁর সঙ্গে আছে নাচের দলবল। যেখানেই যাচ্ছেন, তাঁর দলবলও ছুটছে পিছু পিছু। পিঁপড়ের সারির মতো। তাদের চলার পথে ঝুমুরের ঝমঝম শব্দ শুনলে মাতাল মাতাল লাগে।ব্যয়বহুল তারকাঅনুষ্ঠানে আসতে সামান্য দেরি করেন রুনা লায়লা। তাঁকে নিয়ে ব্যস্ত সবাই। এরই মাঝে শুরু হয় হইচই। দেখতে পাই শাকিব খানকে। ‘পঙ্গপালের’ মতো ছেঁকে ধরেছে তাঁকে লোকজন। শোনা যায় শুধু ক্যামেরার ক্লিক ক্লিক আওয়াজ। বুঝি একই সঙ্গে ব্যয়বহুল ও জনপ্রিয় তারকা হয়তো একেই বলে। ভিড়ের মধ্যে হঠাৎই কে একজন বলে ওঠে, ‘নাম্বার ওয়ান, শাকিব খান-শাকিব খান...।’