মঞ্চের ফরীদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার সঙ্গে প্রথম পরিচয় ১৯৭৬ সালে। তখন আমরা আরণ্যক নাট্যদল থেকে গন্ধর্ব নগরী করছি। সেই সময় হুমায়ুন ফরীদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের নাটকের সঙ্গে জড়িত থাকলেও ঢাকা থিয়েটারের সঙ্গে তখন কাজ শুরু করেছে। টগবগে তরুণ। তার সঙ্গে আমার প্রথম দর্শন-পরিচয়েই আমাকে জিজ্ঞাসা করল, ‘জীবন সম্পর্কে আপনার ধারণা কী?’ এমনই ছিল তার পাগলামি। এর পর থেকে তার সঙ্গে ভাব গড়ে উঠতে সময় লাগেনি। আস্তে আস্তে ওর সঙ্গে যখন থিয়েটার নিয়ে সম্পর্ক গড়ে উঠল, তখন প্রায়ই নাটক সরণিতে দেখা হতো ওর সঙ্গে। ঢাকা থিয়েটারে যোগ দেওয়ার আগে প্রথমে আরণ্যক নাট্যদলে যোগ দিতে চেয়েছিল—এ কথাও একদিন ফরীদি আমাকে জানাল। মাথায় লম্বা চুল, মুখভরা হাসি, আড্ডায় প্রাণচঞ্চল করে তোলা—সেই সময়ের দিনগুলোতে থিয়েটার নিয়ে তার পাগলামি, উন্মাদনার কথা আজ খুব বেশি মনে পড়ছে। ঢাকা থিয়েটারের হয়ে তার অভিনয় করা কীত্তনখোলার ছায়ারঞ্জন চরিত্রের কথা ভোলা যায় না। এ ছাড়া আমার দেখা মুনতাসির ফ্যান্টাসি, ধূর্তউই, কেরামতমঙ্গল নাটকগুলোতে তার অভিনয় দর্শক চিরকাল মনে রাখবে। আমার সঙ্গে তার মঞ্চে শেষ অভিনীত নাটক জন্মদিন। এ নাটকে সুবর্ণা মুস্তাফাও অভিনয় করেছিল। আমার লেখা এ নাটকটির নির্দেশনার কাজটি ফরীদি নিজেই করেছে। নাটকটি আমরা যুক্তরাষ্ট্রে করেছি। আমার খুব ইচ্ছা ছিল বাংলাদেশে নাটকটি করা। কিন্তু আর করা সম্ভব হয়নি। কোনো দিন সে সুযোগ হবেও না। সেই সময় ফরীদি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শরীর নিয়ে মঞ্চে যাওয়া সম্ভব ছিল না। হাসপাতালেও কিছুদিন ছিল। পরে একটু সুস্থ হয়ে বাসায় ফিরে আসে। কিন্তু আমি তাকে নিয়ে আর সেই সময় ঝুঁকি নিতে পারিনি। এবারও ভাবলাম, হাসপাতাল থেকে ফিরেছে। হয়তো সুস্থ হয়ে উঠবে। কিন্তু তা আর হলো না। চলে গেল। অভিমান নিয়ে। তার শেষ দিনগুলোর মুখখানি আমার খুব বেশি মনে পড়ছে। সাম্প্রতিককালে সে একা হয়ে গিয়েছিল। নিঃসঙ্গ, একাকী দিন যাপন করত। থিয়েটারের মঞ্চে দুর্দান্ত প্রতাপশালী এই অভিনেতা অভিনয়গুণে মঞ্চ-মিলনায়তন কাঁপিয়ে তুলত। কী নির্মম! তার মৃত্যুর সময় কাছে পায়নি কোনো পরিজন বা আপনজন। ‘ফরীদি, থিয়েটার নিয়ে তোমার উন্মাদনা, পাগলামি চিরকা্রল মঞ্চের তারুণ্যকে জাগিয়ে রাখবে।’