
ঈশিকা খানের তিনটি পরিচয়—মডেল, অভিনয়শিল্পী আর উপস্থাপক। এই তিনটি কাজ তিনি প্রায় একই সঙ্গে করছেন। সব সময় মুখে হাসি, দেখে মনে হয় এতটুকু বিরক্তি নেই। যখনই দেখা হবে, সঙ্গে থাকবে নানা আবদার। কথা হবে তাঁর সঙ্গে। আবার ছবিও তুলতে হবে। ৮ মার্চ সন্ধ্যায় তাঁকে আমন্ত্রণ জানানো হলো প্রথম আলো কার্যালয়ে। শুরুতেই তাঁকে নিয়ে যাওয়া হয় স্টুডিওতে। এরপর কথা হলো।
শুরুতেই ঈশিকা বললেন, ‘এখন আমার সব ভাবনা অভিনয়কে ঘিরে।’
জানালেন, নিজেকে সমৃদ্ধ করতে সময় পেলেই ঈশিকা বই পড়েন, টিভির নাটক আর দেশ-বিদেশের সিনেমা দেখেন। মাবরুর রশীদ বান্নাহ্র নাইন অ্যান্ড অ্যা হাফ ধারাবাহিকের শুটিং করছেন। সেখান থেকেই এসেছেন।
ঈশিকার এখন তিনটি ধারাবাহিকের শুটিং চলছে। হিমেল আশরাফের একদিন ছুটি হবে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দোস্ত দুশমন ও রুবায়েত মাহমুদের সাইন আপ। দোস্ত দুশমন এবং একদিন ছুটি হবে নাটক দুটির প্রচার শুরু হয়েছে। ফরগিভ মি এবং ফ্রেন্ডশিপ লাভ অ্যান্ড সামথিং মোর নামে দুটি এক ঘণ্টার নাটকের কাজ শেষ হয়েছে।
ঈশিকার অভিনয় প্রথম দর্শকের চোখে পড়ে ২০১৪ সালের গোড়ার দিকে। নাটকের নাম দি আর্টিস্ট। এ নাটকে ঈশিকা অভিনয় করেন মোশাররফ করিমের বিপরীতে। এরপর ঈদের সাত পর্বের ধারাবাহিক হাওয়া বদল ও তাহসানের বিপরীতে এক ঘণ্টার নাটক অ্যাডিকশন তাঁকে দর্শকের আরও কাছাকাছি নিয়ে আসে।
ঈশিকা বলেন, ‘এই তিনটি নাটক আমাকে বদলে দিয়েছে।’
শুরুতে কিন্তু ঈশিকাকে যথেষ্ট হোঁচট খেতে হয়েছে। সময়টা ছিল ২০১২ সালের নভেম্বর মাস। ফেসবুকে ছবি দেখে ইমরাউল রাফাত তাঁর অনুরাগে অনুভব নাটকের জন্য পছন্দ করেন ঈশিকাকে। শুটিংয়েই ঘটে বিপত্তি। প্রায় আড়াই ঘণ্টা একই দৃশ্যের কাজ করেন ঈশিকা। কিন্তু তা পরিচালকের পছন্দ হয়নি। বাদ পড়লেন। ঈশিকা বলেন, ‘এরপর নিজের মধ্যেই জেদ চেপে যায়। মনে মনে নিজেকে তৈরি করতে থাকি।’
মাস দুয়েক পর আবার অভিনয়ের সুযোগ। নাটকের নাম প্রেমবাজ ও তেলবাজ । ঈশিকা বলেন, ‘এবার নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়।’
নাটকের পাশাপাশি সুযোগ পান বিজ্ঞাপনচিত্রেও। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানসহ কয়েকটি বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেন ঈশিকা।
উপস্থাপক ঈশিকা কিন্তু এখন খুব পরিচিত। আরটিভির ‘মিউজিক স্টেশন’ অনুষ্ঠানটি তিনি উপস্থাপনা করছেন সাত মাস হলো। আরও উপস্থাপনা করছেন বৈশাখী টিভির ‘মিউজিক ট্রেন’। উপস্থাপনা করেছেন বিশ্বকাপ ক্রিকেট আর বিশ্বকাপ ফুটবল নিয়ে অনুষ্ঠানও। বললেন, ‘উপস্থাপনার কাজ দারুণ উপভোগ করি।’
ঈশিকার আরও একটি পরিচয় আছে। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিএসসিএ) প্রতিষ্ঠাতা সদস্য তিনি। ক্রিকেট নিয়ে বরাবরই তাঁর দারুণ আগ্রহ। দেশের মাটিতে বড় কোনো খেলা হলে চলে যান স্টেডিয়ামে। বললেন, ‘তখন আমার সব কাজ বন্ধ রাখি।’
জানালেন, তখন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা হচ্ছে। স্টেডিয়ামে গিয়ে এই খেলা তাঁর দেখা চাই। এদিকে ভালোবাসার চতুষ্কোণ ধারাবাহিকের শুটিং। অসুস্থতার অজুহাত দেখিয়ে শুটিংয়ে যাননি। বিধি বাম! টিভিতে দেখা গেল, স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখছেন ঈশিকা। নাটকটির পরিচালকের কাছে ধরা পড়ে যান। বললেন, ‘মিথ্যে বলার জন্য পরে পরিচালকের কাছে বকা খেয়েছিলাম।’
কাজের ফাঁকে সুযোগ পেলেই ফেসবুক নিয়ে বসে থাকেন ঈশিকা।
আইনজীবী বাবার স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে ব্যারিস্টার হবে, মা স্বপ্ন দেখতেন মেয়ে হবে চিকিৎসক। কিন্তু মেয়ে বেছে নিয়েছেন ছোটপর্দাকে। কাজের জন্য পড়াশোনায় কোনো ছাড় নেই। জানালেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ চতুর্থ বর্ষে পড়ছেন।