মডেল খোঁজার প্রতিযোগিতা
সংগীতশিল্পী ও অভিনয়শিল্পীর পর এবার মডেল খোঁজার পালা। চ্যানেল আইতে শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো ‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১১’। এই আয়োজনে বিচারক হিসেবে থাকছেন নোবেল, তানিয়া আহমেদ ও কানিজ আলমাস খান। আগামী মার্চে চ্যানেল আইতে শুরু হবে এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান। এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আয়োজনটির পৃষ্ঠপোষক রেকিট বেনকিজারের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল চৌধুরী এবং মডেল নোবেল। ফরিদুর রেজা সাগর বলেন, ‘ভালোবাসার দিনে আমরা আরও একটি নতুন আয়োজন শুরু করেছি।’ নোবেল বলেন, ‘মডেল তৈরির অনুষ্ঠানের ভাবনাটা একেবারেই নতুন। আশা করছি, এখান থেকে আগামী দিনের মডেল বের হয়ে আসবে।’ সারা দেশ থেকে তরুণীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রাথমিক বাছাই শেষে তাঁদের নিয়ে ঢাকায় একটি ক্যাম্প হবে। সেখান থেকে বিভিন্ন পর্যায়ের সেরা ২০ জনকে নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।আগ্রহী প্রতিযোগীদের www.vctm.tv—এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে অথবা পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসরণ করে তিন কপি 4R (4”X6”) সাইজ ছবিসহ জিপিও বক্স নম্বর-২৪৩৩ ঠিকানায় পাঠাতে হবে। এ ছাড়া তথ্যের সুবিধার্থে ওয়েবসাইটে একটি হটলাইন নম্বর দেখা যাবে। সেই নম্বরে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন তথ্য পাওয়া যাবে।