মডেলিংয়ে কোনাল-পৃথ্বীরাজ
চ্যানেল আই সেরা কণ্ঠের গায়িকা কোনাল। পাশাপাশি উপস্থাপনাও করছেন নিয়মিতভাবে। এরই মধ্যে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। আর গায়ক ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত পৃথ্বীরাজ। কোনাল ও পৃথ্বীরাজ দুজনের সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ। কিন্তু বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কখনো তাঁদের দুজনকে দেখা যায়নি। এবার তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গেল একটি টিভি বিজ্ঞাপনে। মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটি এরই মধ্যে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।কোনাল বলেন, ‘গানের পাশাপাশি উপস্থাপনা ও অভিনয় করার অভিজ্ঞতা ছিল। এবার বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতাটাও হয়েছে। কাজ করে মনে হয়েছে বেশ কষ্টসাধ্য। তবে এখানে আমার যারা কাজ করেছি সবাই বেশ ভালো বন্ধু। তাই শুটিংয়ে বেশ মজাও করেছি।’ঈদের দিন থেকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কোনাল ও পৃথ্বীরাজের বিজ্ঞাপনচিত্রটি প্রচার হচ্ছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পিপলু আর খান। জানা গেছে, একই প্রতিষ্ঠানের আরও কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তাঁরা। খুব শিগগিরই সেগুলোও টিভিতে প্রচার শুরু হবে।