
উৎসব-স্মরণিকার বরণডালা
হৃদপারানির ঘাটে ২০ বছরের পারাপার। ২৪-২৬ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মঞ্চ, স্টুডিও থিয়েটার ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে এই আসর বসে। উদ্বোধক কলাবতী দেবী।
বছর ১৫ আগে মণিপুরি থিয়েটারের নাটক শ্রীকৃষ্ণকীর্তন দেখি মহিলা সমিতি মঞ্চে। দেখে তো সবাই মুগ্ধ, আপ্লুত, অভিভূত। নিজস্ব আর দেশজ থিয়েটার নিয়ে তখন তো বাদানুবাদ তুঙ্গে। অন্ধকারে ঢিল ছুড়ে পথ খুঁজে ফেরা। মণিপুরি ‘বৈষ্ণব-সমাজজীবন কৃত্যকর্মময়। জন্ম থেকে মৃত্যু প্রায় প্রতিটি পর্বেই মৃদঙ্গবাদন, দেহতত্ত্ব বা মননশিক্ষার গান। ‘দলের নির্দেশক শুভাশিস সিনহা জাহাঙ্গীরনগরের নাট্যতত্ত্বের ছাত্র ছিল। নিজেদের জীবনসংস্কৃতির আখ্যান-সংগীত-নৃত্য-বাদ্যের যোগে মঞ্চে অভিনীত শ্রীকৃষ্ণকীর্তন-এ পাই যেন নাগরিক নাট্যের উপযুক্ত এক ভাষা। সে যে তার নিজের সমাজে থেকেই এই কাণ্ড করেছে, তাতেই এক দিশা মেলে—দেশজ সংস্কৃতি-শিকড়হীন নাট্যজনের। কোথায় আমাদের মৌল উন্মূল উদ্বাস্তু দশার সংকট-সূত্র, তা যেন ধরা পড়ে। মণিপুরি থিয়েটার কমলগঞ্জে নিজেদের সমাজে, নিজেদের ভাষায় নাটক করে, নিজেদের গায়ে খেটে গড়া মঞ্চে। মানুষজন নবীন এই নন্দন প্রকরণ নিতে পেরেছে আপনার সহজাত সামর্থ্যে। নিশ্চয় তার পেছনে দলের দীর্ঘ ভাবনা-চিন্তা-সৃজনের কঠিন ইতিহাস আছে। তবে প্রতিবছরই তঁারা ঢাকায় তাদের নতুন নাটক নিয়ে আসে। মণিপুরি ভাষার সঙ্গে বাংলা ভাষায় করা সে নাটক দেখি আমরা।

২৫ ডিসেম্বর রোববার ছিল মুক্ত আলোচনা
‘আমাদের নাট্যভাষা: সংকট ও সম্ভাবনা’। তাতে ঢাকাই আমরা আন্দাজে, অনুমানে, কষ্টকল্পনায় কত কথাই বলি—কেবলই অনির্দেশ্য বাক্য সাজাই অভ্যাসে, কেউ কারও কথা ঠিক শুনি না, বুঝতে বা ভাবতে চাই না। সেই তো আদি ব্যাধি আমাদের, যাকে বলে মানস প্রতিবন্ধী দশা—অটিস্টিক-প্রায় অন্যের কথা-ভাবনা-ক্রিয়ায় সাড়া দিতে না পারা।
প্রথম দিনের লেইমাদেখা হয় না। দ্বিতীয় দিন স্টুডিও থিয়েটারে ইঙাল আঁধার পালা দেখে চমকে উঠি। এতক্ষণ কেন তবে বলেছি এত কথা, কথা আর কথা। এই তো আমাদের নাট্যভাষার এক সম্ভাবনা। সূচিত হয়েছে দেখি ‘নিজেদের নাটকের’ এক শ্রীমন্ত রূপায়ণ। তাতে একালের এক মৃদঙ্গবাদকের চির ট্র্যাজিক আখ্যান দৃশ্যকাব্য হয়ে ওঠে নিজস্ব রীতির জীবন্ত বাচনে। সে কাহিনির জন্য আরোপিত কোনো ‘বর্ণনাত্মক’ ক্যারিশমাও চোখে পড়ে না। এতই সহজে সংলাপ-বর্ণন-অভিনয়ের স্বাভাবিক গতায়াত। অভিনেতৃসকল এমন নৃত্যময় সাচ্ছন্দ্যে বাঙ্ময় যে অবিশ্বাস্য লাগে। তঁারা যেন এক শিল্প-সমাজ-সংস্কৃতির কিন্নর-কিন্নরী, নট-নটী। পরের দিন বসে শ্রীকৃষ্ণকীর্তন এর আসর। বছর ১৫ আগের মধুর অস্পষ্ট সে মঞ্চস্মৃতি ক্রমে পয়মন্ত শিল্পকলা হয়ে ওঠে। এই তো এক নান্দনিক বিকাশ দৃশ্যকাব্যের। ভেঙেচুরে খানখান জনসমাজ ও মনের মেরামত তবে শিল্পে সম্ভব-জীবনের যত যা কিছু ধ্বংসসাধন ক্ষমতা-রাজনীতিযোগে নিত্যক্রিয়াশীল। তারই প্রতিস্পর্ধী প্রতিষেধক হতে পারে এহেন সৃজন নন্দন। ২৭ ডিসেম্বর এক্সপেরিমেন্টাল মঞ্চের দূরত্বে বসে মন খারাপ লাগে। এই দুই দিনের নৈকট্য যেন ভেঙে যায়। মঞ্চ-অভিনেতৃ-দর্শকযোগের তত্ত্ব যেন প্রমাণিত হলো। দেবতার গ্রাস কবিতাটি কেন করা রবীন্দ্র সার্ধশতবর্ষে নির্মাণকালেই ভেবেছিলাম। মণিপুরি ভাষায় সংলাপ-চরিত্রাভিনয় রীতির এ আখ্যাননাট্য, কাব্য উৎসারিত অভিনব নন্দন বাচন হয়ে ওঠে-রাবীন্দ্রিক এক বিস্তার যেন বা তাতে ঘটে। মণিপুরি কথায় রবীন্দ্রগান মোক্ষম লাগসই নাট্যক্রিয়া সংঘটিত করে। ভাষার এ দূরত্ব হেতু অভিনব এক অভিভব জাগে মনে। সৃজনের এমনই বুঝি মাহাত্ম্য। গ্রাম-সমাজের বহু বিচিত্র পেশার মানুষজন, নারী-পুরুষ-কিশোর-বৃদ্ধ মিলে এ তীর্থযাত্রায় মানুষের তাবৎ স্খলন-পতন-ত্রুটি ফুটে ওঠে। একটি কেবল খটকা লাগে: পূজারি পুরোহিত প্রচলিত যে চেহারায় হাজির হয় শেষ দিকে তার হঠাৎ রূপান্তর ঠিক যুক্তিসংগত লাগে না।
শেষ দিন ২৮ ডিসেম্বর ছিল বহু প্রশংসিত একক অভিনয় কহে বীরাঙ্গনা। মাইকেল মধুসূদনের মূল কাব্যভাষায় করা অভিনয় বলে শুনেছিলাম। তাতে প্রতীক্ষা ছিল টানটান। জ্যোতি সিনহার অভিনয়ের নন্দন বিকাশ তো অবিসংবাদিত। শ্রীকৃষ্ণকীর্তন, ইঙাল আঁধার পালা, দেবতার গ্রাস–এর ক্রমোত্তরণ সম্বল করে দাঁড়াবে বুঝি একালের এক নটী-কিন্নরী। এই অতি প্রত্যাশাই কি কাল হলো? শকুন্তলা-দ্রৌপদী-দুঃশলা-জনার একটি করে পত্রকাব্য গদ্য-বর্ণনাযোগে অভিনীত হলো—অভিনব যদিও ব্যবহৃত মুদ্রাদোষে। গৌতম হালদার মেঘনাদবধকাব্য অভিনয়ে সবাইকে মহামুগ্ধ করে ছেড়েছিল যখন; সৈয়দ জামিল আহমেদ তাতে মহা রুষ্ট হয়েছিলেন: বাংলা অভিনয়রীতিতে বাস্তবক্রিয়াদির অনুকরণ হয় না, গৌতম কেন তা করল। যদিও সকল ক্রিয়াদিই এমন হয়েছে অনেকের তা মনে হয়নি। বর্ণনাত্মক অভিনয়রীতি বলে আরোপিত এক শারীর মুদ্রাযোগে অভিনয়ের প্রবল প্রাদুর্ভাব ঢাকার মঞ্চে। শুভাশিস-জ্যোতি কি অগোচরে নাগরিক এই প্রচলনের ফাঁদে পড়েছে? ইঙাল আঁধার পালা বা দেবতার গ্রাস নাট্যে তো তার ছোঁয়াচ লাগেনি। অভিনয়ের নিজস্ব সহজ মুদ্রায় যা রূপায়িত হয়। একক অভিনয়ের পারদর্শিতা সপ্রমাণ করতেই কি আরোপিত এই কৃত্রিম অনুপঙ্খ ক্রিয়াদি অনুকরণের নাট্য-নৃত্য-মুদ্রা-বাচন? একেই আখ্যান অজানা অধিকাংশ দর্শকের কাছে, তার ওপর মাইকেলের অমন ধ্রুপদি ভাষার দার্ঢ্য। এরপর প্রতিটি ক্রিয়ার অনুকরণে নির্মিত মুদ্রার আতিশয্যে চোখ-কান পর্যুদস্ত দিশেহারা হয়ে পড়ে। দর্শক অভিভূত হয় বুঝি তার এই অভিনব দক্ষতা-ক্ষমতার প্রদর্শনে। তাতে করে চরিত্র রূপায়ণে পূর্ব-প্রযোজনার আশ্চর্য পরিমিতির স্নিগ্ধ রুচি ব্যাহত বিনষ্ট হলেও। নির্দেশক-অভিনেত্রীকে বলি: এহেন আরোপনের কৃত্রিম মুদ্রাভিনয় আপনাদের মানায় না। তা ধরা থাক নাগরিক নিঃসম্বল অভিনেতৃদের জন্য। আপনাদের আছে তো নিজেদের নাট্যভাষার অমন পয়মন্ত বিকশিত ভিত্তিভূমি।
উৎসবের নাট্যাবলি শর্মিলা সিনহার সংগীতযোগে শিকড়ের অমন ডানা মেলতে পেরেছে। তিনি ধন্য। মণিপুরি থিয়েটারের জয় হোক।