মণিপুরি নাচের জন্য সম্মাননা

মণিপুরি নাচের জন্য এক অনন্য স্বীকৃতি পেলেন নৃত্যশিল্পী সামিনা হোসেন। ভারতের আসামের গুয়াহাটিতে তাঁকে সম্মাননা জানিয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়। তাদের আদর্শ পুরুষ গীতিস্বামী গোকুলানন্দ সিংহের ১২০তম জন্মদিন উদ্যাপনের আয়োজনে মণিপুরি নৃত্যে পারদর্শিতা ও অবদানের স্বীকৃতি হিসেবে সামিনাকে এই সম্মাননা জানানো হয়।
আমন্ত্রণ পেয়ে গত ২৭ নভেম্বর এই আয়োজনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী সামিনা হোসেন। আরও ছিলেন তাঁর নাচের দল ভাবনার প্রতিষ্ঠাতা জিনাত আফরোজা। ননী কুমার সিংহের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিস্বামী জয়ন্তী উদ্যাপন সমিতির সভাপতি প্রভাষ কান্তি সিংহ, সম্পাদক লাকীসেনা রাজকুমার, শিক্ষাবিদ হেমকান্তি সিনহা প্রমুখ। সেখানে সংবর্ধিত হন মণিপুরি সাহিত্যকর্মী ও সংগঠক সুশীল কুমার সিংহ। শিল্পগ্রাম মিলনায়তনের ওই অনুষ্ঠানে মণিপুরি নাচ পরিবেশন করেন সামিনা হোসেন।
এই সম্মাননা পেয়ে দারুণ আনন্দিত সামিনা। তিনি বলেন, ‘এটি একটি বিশেষ সম্মাননা। যে সম্প্রদায়ের নাচকে আমাদের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে কাজ করছি, তাদের কাছ থেকে স্বীকৃতি আমার জন্য গুরুত্বপূর্ণ ঘটনা।’
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সামিনা হোসেনের পরিচালনায় নৃত্যনাট্য শকুন্তলার মঞ্চায়ন হবে। পরিবেশন করবে নাচের দল ভাবনা। এটি এই নৃত্যনাট্যের দ্বিতীয় প্রদর্শনী।