মণিপুরি নৃত্য কর্মশালার সমাপনী
মঞ্চজুড়ে নানা রঙের জ্যামিতিক আলোকরশ্মি। চার ধারে টবে লাগানো বেশকিছু সবুজ গাছ। মঞ্চের সামনে বিভিন্ন রকম ফুল। এমনি পরিবেশে মণিপুরি সাজে একদল শিশু নৃত্যশিল্পী ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নেয়। অতিথিরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এভাবেই শুরু হয় মণিপুরি নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গত ১০ থেকে ১৫ মার্চ ছয় দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করে যৌথভাবে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ, বাংলাদেশ মণিপুরি সমাজকল্যাণ পরিষদ ও নৃত্যম নৃত্য শীলন কেন্দ্র। কর্মশালা পরিচালনা করেন ভারতের প্রথিতযশা মণিপুরি নৃত্যগুরু পদ্মশ্রী দর্শনা ঝভেরী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণসচিব রঞ্জিত বিশ্বাস। সভাপতিত্ব করেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের নির্বাহী চেয়ারম্যান এম এ বারী। স্বাগত বক্তব্য দেন নৃত্যম নৃত্য শীলন কেন্দ্রের পরিচালক নৃত্যশিল্পী তামান্না রহমান।সংক্ষিপ্ত আলোচনা শেষে শুরু হয় নৃত্যানুষ্ঠান। কর্মশালার প্রশিক্ষণার্থীদের দলীয় মণিপুরি নৃত্য ‘বসন্ত রাস’ দিয়ে শুরু হয় নাচের পালা। এরপর তাঁরা পরিবেশন করেন ‘মন্দিরা নর্ত্তন’ ও ‘গোষ্ঠলীলা’। এ ছাড়া দর্শনা ঝভেরী ও তামান্না রহমান একক ও দ্বৈতভাবে পরিবেশন করেন স্বরমালা, মানভঞ্জন, মাইবী ও অনঙ্গাক্ষেপ।সব শেষে কর্মশালায় অংশগ্রহণকারী ২৭ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়।শিল্পী দর্শনা ঝভেরী একই সঙ্গে মণিপুরি নৃত্যের গবেষক, প্রশিক্ষক ও শিল্পী। তাঁর পরিবার ৫০ বছর ধরে এ নৃত্যের সঙ্গে যুক্ত। মণিপুরি নৃত্যে অবদান রাখার জন্য তিনি ভারত সরকারের পদ্মশ্রী ও সংগীত নাটক একাডেমী পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেন।