মণিপুরি নৃত্যকে আরও জনপ্রিয় করার চেষ্টা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মণিপুরের ইমফলে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক ভারতীয় শাস্ত্রীয় নৃত্য উত্সব’। শ্রীশ্রী রাধা কৃষ্ণচন্দ্র ‘মণি মন্দির’ উন্মুক্ত মঞ্চে চার দিনের এই উত্সব আয়োজন করে রঙ্গনিকেতন মণিপুর কালচারাল আর্টস ট্রুপ। উত্সবে বাংলাদেশ থেকে অংশ নেন তামান্না রহমান। সমাপনী দিনে তিনি নৃত্য পরিবেশন করেন। প্রথমবারের মতো আয়োজিত এই উত্সব নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো একজন স্থপতি। মণিপুরি নৃত্যের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। এবার মণিপুরে গিয়ে মণিপুরি নৃত্য করতে কেমন অনুভূতি হলো?রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পাশাপাশি কলকাতায় গুরু বিপিন সিংয়ের মণিপুর নর্তনালয়ে পাঁচ বছর মণিপুরি নৃত্য শিখেছি। তবে এবারই প্রথম মণিপুরে গিয়েছি। সেখানে যে অভিজ্ঞতা হলো, তা ভাষায় প্রকাশ করতে পারব না। উত্সবে নৃত্য পরিবেশন করার আগে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং আমার ব্যাপারে বক্তব্য রাখেন পদ্মশ্রী সুনিল কোঠারি। মণিপুর বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগে ‘বাংলাদেশে মণিপুরি নৃত্যকলা’ বিষয়ে প্রায় ঘণ্টাখানেকের একটি বক্তৃতা দিয়েছি। ওই সময় সুমনলীলা উত্সবেও গিয়েছিলাম। ওখানে আয়োজক প্রতিষ্ঠানের উপদেষ্টা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী নরসিংহ আমাকে ‘মণিপুরের মেয়ে’ বলে অভিহিত করেন। উত্সবে বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশের নৃত্যশিল্পীরা অংশ নিয়েছেন?মালয়েশিয়া থেকে রামলি ইব্রাহিম ও তাঁর সূত্র ড্যান্স কোম্পানি, ফ্রান্স থেকে সীতা দাসী, স্পেন থেকে মাহিমা স্যান্ডোভাল এবং ভারতের অনেক প্রখ্যাত নৃত্যশিল্পী এই উত্সবে অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে মণিপুরের ১০৪ জন শিল্পী একসঙ্গে পরিবেশন করেন ‘হরিনাম সংকীর্তন’ নৃত্য, শেষ দিনে ১২৪ জন শিল্পী পরিবেশন করেন ‘হলিনামা সংকীর্তন’। আর মণিপুরের বিশিষ্ট নৃত্যশিল্পীরা তো ছিলেনই।বাংলাদেশে মণিপুরি নৃত্যের প্রসারের জন্য আপনি কী করছেন?মগবাজারে নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র নামে আমার একটি নাচের স্কুল আছে। এখানে মণিপুরি নৃত্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়। দেখুন, বাংলাদেশে মণিপুরি নৃত্য নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। এর সঠিক ও ব্যাকরণসম্মত রূপটা আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই শুধু ঢাকাতেই নয়, এখন সারা দেশে মণিপুরি নৃত্য পরিবেশন করছি। সম্প্রতি চট্টগ্রামে এ ধরনের একটি নৃত্যের অনুষ্ঠান করেছি। সামনে আরও করব। এর ফলে মণিপুরি নৃত্য একদিকে যেমন আরও জনপ্রিয় হবে, পাশাপাশি বিভ্রান্তিগুলোও দূর হবে।  বিনোদন প্রতিবেদক