মণিপুরী থিয়েটারের ১৫, ‘কহে বীরাঙ্গনা’র ২৫
মৃদঙ্গ, ঢোল, করতাল নিয়ে গান। গানের সঙ্গে নৃত্য ও অভিনয়ের এক অনবদ্য প্রকাশ ঘটল মণিপুরি নটপালায়। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে মণিপুরিদের ঐতিহ্যবাহী এই পালায় রাধা-কৃষ্ণের বৈষ্ণব রসাশ্রয়ী লীলা-আখ্যানের পাশাপাশি ছিল দেহতত্ত্বের গান।আগামী সোমবার মণিপুরী থিয়েটারের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলটির আলোচিত নাটক কহে বীরাঙ্গনার ২৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রথম অংশে ছিল নাট্যমূলক পরিবেশনা নটপালা। বিধান চন্দ্র সিংহের পরিচালনায় এই পরিবেশনায় অংশ নেন মণিপুরী নটপালা শিল্পী সংস্থার ১১ জন পালাশিল্পী। পর্বটি ছিল দর্শকের জন্য উন্মুক্ত।পরে সন্ধ্যায় কহে বীরাঙ্গনার ২৫তম প্রদর্শনী হয়। মহাভারতের চারজন নারীর স্বগত সংলাপকে ভিত্তি করে এই নাটক গ্রন্থিত। এখানে চার নারীর ভূমিকায় একাই অভিনয় করেছেন জ্যোতি সিনহা। নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। প্রেমাকুল, ঈর্ষান্বিত, শান্তিপ্রিয়, প্রতিশোধস্পৃহসহ নানা চারিত্রিক বৈশিষ্ট্যে আঁকা হয়েছে নারীকে। সবকিছুর মধ্য দিয়ে যে বাণী ঘোষিত হয়, তার মর্মে থাকে: যুদ্ধ নয়, প্রেমেই মানুষের প্রকৃত মুক্তি। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ এই নাটকের অবলম্বন।উল্লেখ্য, মণিপুরী থিয়েটারের নাট্যচর্চার মূল ক্ষেত্র মৌলভীবাজার জেলার মণিপুরি অধ্যুষিত কমলগঞ্জ উপজেলায়। ঘোড়ামারা গ্রামে দলটির প্রধান কার্যালয় এবং সেখানেই নবনির্মিত স্টুডিও নটমণ্ডপ। ১৫ বছরে দলটি মঞ্চে এনেছে ২৭টি নাট্য প্রযোজনা। শ্রীকৃষ্ণকীর্তন, ধ্বজো মেস্তরীর মরণ, রুদ্রচণ্ড, ভানুবিল, ইঙাল আধার পালা দলটির উল্লেখযোগ্য প্রযোজনা। দলটি নাটক ছাড়াও রাসলীলা, নটপালা, রাখালরাস ইত্যাদি মণিপুরি আঙ্গিককে নিরীক্ষার মধ্য দিয়ে মঞ্চে উপস্থাপন করেছে। প্রকাশ করছে মণিপুরী থিয়েটারের পত্রিকা।লীনা তাপসীর ‘নীল যমুনা’ ও ‘পঞ্চরত্ন’শিল্পী লীনা তাপসী খানের নজরুলসংগীতের একক মিউজিক ভিডিও অ্যালবাম নীল যমুনা ও পঞ্চগীতি। কবির ১০টি গান নিয়ে পঞ্চরত্ন অডিও সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হলো গতকাল। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেলের পৃষ্ঠপোষকতায় অ্যালবাম দুটি প্রকাশিত হয়েছে।নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল গবেষক রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী সম্পাদক রশীদ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ ও সিটিসেলের প্রধান বিপণন কর্মকর্তা তাসলিম আহমেদ। আতিকুল হক চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।মোড়ক উন্মোচন শেষে ছিল গানের পালা। লীনা তাপসীর মেয়ে মেহ্জাবীন খান পরিবেশন করেন ‘অঞ্জলী লহ মোর’। লীনা তাপসী তাঁর পঞ্চরত্ন অ্যালবাম থেকে বেশ কিছু গান পরিবেশন করেন। এই অ্যালবামের গানগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাঁদালে তুমি মোরে’ ও ‘একটুকু ছোঁয়া লাগে’, দ্বিজেন্দ্রলাল রায়ের ‘আমরা মলয় বাতাসে’ ও ‘সুখের কথা বলো না আর’, রজনীকান্ত সেনের ‘আমি অকৃতি অধম’ ও ‘স্বপনে তাহারে কুড়ায়ে’, অতুল প্রসাদ সেনের ‘কে আবার বাজায় বাঁশি’ ও ‘আমার ঘুম ভাঙানো চাঁদ’ এবং কাজী নজরুল ইসলামের ‘মনে রাখার দিন গিয়েছে’ ও ‘পরজনমে দেখা হবে প্রিয়’।রণেশ দাশগুপ্তের শততম জন্মবার্ষিকী রণেশ দাশগুপ্তের শততম জন্মবার্ষিকী আগামী ১৫ জানুয়ারি। তাঁর শততম জন্মবার্ষিকী সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় উদীচীর ঢাকা মহানগর শাখার উদ্যোগে গতকাল সকালে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার হলে ‘রণেশ দাশগুপ্তের চিন্তার দিগন্ত, সংস্কৃতি চেতনা, সাহিত্যবিষয়ক ভাবনা ও মূল্যায়ন, সাংবাদিকজীবনের ছায়াচিত্র, তরুণদের সম্পর্কে ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে রণেশ দাশগুপ্তের জীবনের বিভিন্ন দিক নিয়ে পাঁচটি প্রবন্ধ উপস্থাপন ও এর ওপর আলোচনা হয়। প্রবন্ধগুলো রচনা করেন যতীন সরকার, নিরঞ্জন অধিকারী, কাজী মোহাম্মদ শীশ, সৌমিত্র শেখর ও দীপংকর গৌতম। আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মন্জুরুল আহসান খান, কাজী মদিনা, বদিউর রহমান, সৈয়দ মোহাম্মদ শাহেদ ও আখতার হুসেন। সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। শুভেচ্ছা বক্তব্য দেন হাবিবুল আলম।শুরুতে ‘কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস’ গানটি পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।