মদে আসক্তির জন্যই লিজকে হারিয়েছিলেন বার্টন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর পর দুবার গাঁটছড়া বেঁধেছিলেন এলিজাবেথ টেইলর ও রিচার্ড বার্টন। তাঁদের প্রথমবারের বিয়ে ১০ বছর টিকলেও, দ্বিতীয়বারের বিয়ে এক বছরও টেকেনি। সম্প্রতি প্রকাশিত বার্টনের ব্যক্তিগত ডায়েরি থেকে জানা গেছে, অ্যালকোহলে মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ার কারণেই দ্বিতীয়বারের বিয়ে টিকিয়ে রাখতে পারেননি তিনি।জীবদ্দশায় নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস ছিল বার্টনের। সম্প্রতি সেই ডায়েরির কয়েকটি পাতা ছেপেছে ‘ডেইলি মেইল’। ১৯৭৫ সালের ১০ অক্টোবর টেইলরকে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন বার্টন। এরপর ধীরে ধীরে অ্যালকোহলে ভীষণ আসক্ত হয়ে পড়েন তিনি। বার্টন তাঁর ডায়েরিতে লিখেছেন, ‘এলিজাবেথের নজর এড়িয়ে প্রচুর মদ পান করতাম। একটা পর্যায়ে ঠিকমতো কিছুই লিখতে পারতাম না। লিখতে গেলে হাতের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকত না।...গতকাল রাতে আকণ্ঠ গিলেছিলাম। সকালে ঘুম থেকে উঠে ভীষণ অস্বস্তি হচ্ছিল। সকাল সাড়ে নয়টায় চুপিসারে ব্রান্ডির খোঁজে বারে গিয়ে হাজির হলাম। সকাল দশটা পর্যন্ত বার বন্ধ থাকলেও আমার অনুরোধে ম্যানেজার বার খুলে দিলেন। তিনি আমাকে ভদকা পানের পরামর্শ দিলেন। কারণ, ভদকা খেলে মুখে অ্যালকোহলের কড়া গন্ধ পাওয়া যায় না। এর পর থেকে সকালের নাশতা করার সময় ভদকা পান করতাম যাতে করে এলিজাবেথ আমাকে চুমু দেওয়ার সময় মুখে অ্যালকোহলের গন্ধ না পায়।’বার্টন আরও লিখেছেন, ‘ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লাম আমি। চিকিত্সকেরা আমার রক্ত পরীক্ষা করলেন, সুঁই ফুটিয়ে স্যালাইন দিলেন। বুঝলাম, আর কখনোই মদ খাওয়া চলবে না আমার। ঠিক করলাম, রাতের খাবারের সময় এক গ্লাস ওয়াইন ছাড়া অন্য কোনো মদ স্পর্শ করব না। অ্যালকোহলের আসক্তি থেকে বেরিয়ে আসতে চিকিত্সা নিলাম। চিকিত্সা কাজেও দিল। কিন্তু আবার আমি ভদকা পান শুরু করলাম। স্বভাবতই সব জানার পর আমাকে ঘৃণা করা শুরু করল এলিজাবেথ।’১৯৭৬ সালের ২৯ জুলাই বিচ্ছেদ হয়ে যায় এলিজাবেথ টেইলর ও রিচার্ড বার্টনের। এক মাস না পেরোতেই সুজানকে বিয়ে করেন বার্টন। আর ওই বছরের ডিসেম্বরে জন ওয়ার্নারকে বিয়ে করেন টেইলর।