মদ্যপানের জন্য বিপাকে পাকিস্তানি ‘দেবদাস’!
প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক শরত্চন্দ্র চট্টপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশে বেশ কয়েকটি ছবি নির্মিত হয়েছে। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র দেবদাসের সঙ্গে মদ্যপানের সম্পর্ক অনেকেরই জানা আছে নিশ্চয়। কিন্তু পাকিস্তানে ‘দেবদাস’ ছবি নির্মাণ করতে গিয়ে বিপাকে পড়েছেন নির্মাতা নাদিম শাহ। ছবিটি থেকে মদ্যপানের দৃশ্য ছেঁটে ফেলতে বলেছে পাকিস্তানের সেন্সর বোর্ড। পাকিস্তানের চলচ্চিত্র বিপণনকারী প্রতিষ্ঠানগুলোও ‘দেবদাস’ ছবিটি থেকে এ ধরনের দৃশ্য বাদ না দিলে চলচ্চিত্র নিতে চাইছে না। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মুম্বাইভিত্তিক অনলাইন নিউজপোর্টাল মিড-ডে। এ প্রসঙ্গে নাদিম জানিয়েছেন, পাকিস্তানে নির্মিত ‘দেবদাস’ ছবিটি থেকে তিনি মদ্যপানের দৃশ্য বাদ দিতে রাজি না হওয়ায় সেটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাচ্ছে না। এক্ষেত্রে পাকিস্তানের সংস্কৃতির বিষয়টি যুক্তি হিসেবে দেখানো হচ্ছে বলেও জানান নাদিম। কিন্তু তাঁর যুক্তি, ‘দেবদাস’ ছবিতে মদ্যপানের দৃশ্য বাদ দিলে তা অসম্পূর্ণ হয়ে যাবে। পাকিস্তানে বলিউডে নির্মিত ছবি বেশি দেখা হয় বলেও জানিয়েছেন নাদিম শাহ। আপাতত পাকিস্তানের পরিবর্তে ভারতে তাঁর ‘দেবদাস’ ছবিটি মুক্তি দেয়া যায় কি না সে সুযোগ খুঁজছেন করাচির এই অভিনেতা ও প্রযোজক।