মধুচন্দ্রিমা শেষে ব্যস্ত হাসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের জুলাই মাসে হঠাত্ করেই বিয়ের কাজটি সেরে ফেলেন ‘ভিট-চ্যানেল আই টপ মডেল চ্যাম্পিয়ন’-এর খেতাবজয়ী হাসিন রওশন। পরীক্ষা আর নাটকে অভিনয় নিয়ে ব্যস্ততার কারণে বিয়ের পরপর মধুচন্দ্রিমায় যেতে পারেননি। সম্প্রতি মধুচন্দ্রিমা সেরে দেশে ফিরেছেন হাসিন। এরপর তিনি আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন।এরই মধ্যে শেষ করেছেন একটি নাটক ও টেলিছবির কাজ। এগুলো হচ্ছে: আলী একরাম তোজোর ‘রোদেলা দিনের ছায়া’ এবং আশফাকুর রহমানের ‘হয়তো বা তোমাকেই ভালোবাসি’।হাসিন বলেন, ‘মধুচন্দ্রিমা শেষে দেশে ফেরার পরপরই বেশ কটি নাটকের প্রস্তাব পাই। এর মধ্যে “রোদেলা দিনের ছায়া” ও “হয়তো বা তোমাকেই ভালোবাসি”র গল্প ভালো লেগেছিল। তাই খুব দ্রুত এই দুটির কাজ শেষ করি। এ ছাড়া এক ঘণ্টার নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটকের কয়েকটি গল্পও কয়েকজন নির্মাতা বাসায় পাঠিয়েছিলেন। এখন সেগুলো পড়ছি। খুব শিগগির সেগুলো থেকে হয়তো কয়েকটির কাজ শুরু করব।’মধুচন্দ্রিমা প্রসঙ্গে হাসিন বলেন, ‘আমার বিয়েটা হয়েছে হঠাত্ করেই। বিয়ের পরই ছিল আমার স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের পরীক্ষা। এরপর আবার ধারাবাহিক ও এক ঘণ্টার কয়েকটি নাটকের শিডিউল দেওয়া ছিল। তাই মধুচন্দ্রিমা উদযাপনে কোথাও বেড়াতে যেতে পারিনি। অবশেষে অক্টোবর মাসে আমাদের কাঙ্ক্ষিত সেই সুযোগ মিলে যায়। টানা ১০ দিন মালয়েশিয়া ও থাইল্যান্ডের চমত্কার কিছু জায়গায় ঘুরে বেড়িয়েছি। অসাধারণ একটি ভ্রমণ শেষে দেশে ফিরেই আবার শুটিং শুরু করি।’২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ খেতাব জয়ের পরপরই নাটকে অভিনয় শুরু করেন হাসিন। টিভিতে তাঁর প্রথম অভিনয় তাহের শিপনের পরিচালিত ‘আমাদের ছোট নদী’ টেলিছবিতে। এতে হাসিন অভিনয় করেন নোবেলের বিপরীতে। পরবর্তী সময়ে একে একে ‘সখা হে’, ‘বাবুই পাখির বাসা’, ‘নরম রোদের ওম’সহ একাধিক এক ঘণ্টার নাটক ও ধারাবাহিকে অভিনয় করেন হাসিন। তাঁর আরও কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো: ‘নোম্যান্স ল্যান্ড’, ‘লাস্ট কটেজ’, ‘ব্যাচেলরস—দ্য ফ্যামিলি’।