মধুসূদন দত্ত স্মরণ
মধুকবির জন্মদিনে তাঁর জন্মস্থান সাগরদাঁড়িতে সাত দিনের একটি মধুমেলা করা হয়। কিন্তু জাতীয়ভাবে তাঁকে স্মরণ করতে আর কিছু করা হয় না। তাই যশোর জেলা প্রশাসন একটি উদ্যোগ নিয়েছে। শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে মধুকবিকে স্মরণ করে তারা আয়োজন করে একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘আমাদের দেশে পাঠাভ্যাস যেভাবে কমতে শুরু করেছে তাতে মধুসূদন, রবীন্দ্রনাথ, নজরুল কীভাবে টিকে থাকবেন সেটা ভাববার বিষয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, সাবেক সচিব রণজিৎ কুমার বিশ্বাস ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে গিয়ে ভালো লেগেছে। কিন্তু মন খারাপ হয়েছে, যখন সেখানে গিয়ে দেখি মধুসূদনের ভাস্কর্যগুলোর সঙ্গে তাঁর বাস্তব চেহারার কোনো মিল নেই। তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে হলে ভাস্কর্যগুলো পরিবর্তন করা দরকার।’ এ ছাড়া মধুসূদনের নামে এম এম কলেজকে তিনি ‘মহাকবি মধুসূদন কলেজ’ লেখার পরামর্শ দেন। আয়োজকেরা মধুসূদনের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে নির্মলেন্দু গুণসহ উপস্থিত অতিথিরা তাতে সমর্থন দেন।
যশোর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন মধুসূদন একাডেমির পরিচালক খসরু পারভেজ ও যশোর অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রশিদ। প্রধান আলোচক রেজাউদ্দিন স্টালিন তাঁর আলোচনায় বলেন, ‘কবি হওয়ার জন্য যে ব্যাকুলতা মধুসূদনের মধ্যে ছিল, পৃথিবীতে এমনটি আর কারও ক্ষেত্রে ছিল কি না সন্দেহ। তিনি ইংরেজি ভাষাতে সাহিত্য চর্চা করতে চাইলেও পরে তাঁর কারণেই বাংলা সাহিত্য মুক্তি পেয়েছে।’
আলোচনা অনুষ্ঠান শেষে গীতি-আলেখ্য ‘জন্ম যদি তব বঙ্গে’ পরিবেশন করেন যশোরের শিল্পীরা। একই জেলার নাটকের দল ‘শেকড়’ পরিবেশন করে ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনের নাট্যাংশ। এ ছাড়া যশোর ও কেশবপুরের আবৃত্তিশিল্পীরা কবি মধুসূদনকে নিবেদিত কবিতা এবং কবির কবিতা আবৃত্তি করে শোনান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন যশোর উদীচী, সুরবিতান, সুরধুনি, পুনশ্চ, চাঁদের হাট, আশাবরি, শেকড় ও নৃত্যবিতানের প্রায় ৪০ জন শিল্পী।