
এই শীত সময়ে, নগরে সবে সন্ধ্যা নামতে শুরু করেছে। কয়েকটি গলি পেরিয়ে পৌঁছে যাই যে বাড়িটির সামনে, তাঁর নাম ‘পাথারিয়া হাউস’। ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে পুরোনো ধাঁচের দোতলা বাড়ি। হালকা আলোয় সিড়ি ভেঙে দোতলায় উঠে একটি রুমে ঢুকে দেখি, ছোট্ট একটি খাট। পাতলা বিছানার ওপর শোয়া একজন মানুষ।
খাটের পাশেই রাখা কাঠের গোটা তিনেক টুল। একটিতে রাখা ডায়েরি ও কলম, আরেকটিতে শ্যাম্পেইনের বোতল, পাশেই রাখা কাচের গ্লাস। লোকটি উঠলেন, খুক খুক কাশিতে এলোপাতাড়ি হাঁটলেন, অসুস্থতার ঘোরে মুখে আওড়ালেন কিছু ইংরেজি শব্দ। কণ্ঠে খেদ মিশিয়ে শেষের বাক্যটি বললেন, ‘আমি মাইকেল মধুসূদন। নো ট্র্যাজিক হিরো উইল বি দ্য সেম লাইক মি।’
ধন্দে পড়ে যাই। এই একুশ শতাব্দীতে আঠারো শ সালের মাইকেল এই শহরে? সে যাক, এখন হিসাব মেলানোর সময় নয়। তার চেয়ে বরং শুনতে থাকি কী বলছেন এই সন্ধ্যার মাইকেল মধুসূদন দত্ত। বলতে থাকেন একেক করে তাঁর মহাকাব্যের চরণ, সম্মুখ সমরে পড়ি, অনুসারী-রিপু, রাক্ষসকুল-ভরসা..., কখনো ডেকে ওঠেন রেবেকা, ও আমার প্রথম প্রেম কিংবা হেনরিয়েটার সঙ্গে সাহিত্য রচনার স্মৃতি। ধর্মান্তরের কথা বলতে গিয়ে বলে ফেললেন, ‘নো নো আই অ্যাম নট ক্রিস্টান। ক্রিস্টান হওয়ার জন্য নিজ ধর্ম ত্যাগ করিনি। খ্রিস্টান হওয়াকে উপায় ভেবেছি। কেবল গন্তব্যে পৌঁছাবার উপায়।’
একেক করে স্মৃতিচারণা করলেন জীবনের বিভিন্ন দিক। বিদ্যাসাগরের সঙ্গে বন্ধুত্ব, বাবার ত্যাজ্যপুত্র ঘোষণা, বড় কবি হওয়ার আশে বিদেশে পাড়ি জমানো, অবশেষে নিজের ভাষার কাছে ফেরা। বলতে থাকলেন বাংলা ভাষায় লেখা তাঁর সব অসামান্য অবদান—প্রথম সার্থক নাটক, প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য, সনেট, ট্র্যাজেডি আরও কত কী। কিন্তু নিজের জীবনের জীর্ণ দশায় নিজেই চমকে উঠলেন। নিজেকেই মনে হলো শেক্সপিয়ারের হ্যামলেট বা ম্যাকবেথ কিংবা নিজের তৈরি ট্র্যাজিক চরিত্র ‘মেঘনাদ’। সাহিত্য জীবনের এসব কথা বলতে বলতে এই শীতেও ঘামছেন মাইকেল। হঠাৎ অনাগতের মতো প্রবেশ করেন একজন। হাতে তাঁর ক্যামেরা। ফটাফট কয়েকটি ক্লিক। মাইকেল বলে যাচ্ছেন, উত্তেজনায় কাঁপছেন, হাঁটছেন। পাশ থেকে কেউ একজন বলে উঠলেন, ‘একটু থাম হীরা। ছবিটা তুলে নিক।’
আমার ঘোর ভাঙে। কথা বলে জানা গেল, মাইকেলরূপী আমাদেরই একজন তিনি। প্রাঙ্গণেমোর নাট্যদলের মাইকেলের জীবনী নিয়ে নতুন প্রযোজনা ‘দাঁড়াও...জন্ম যদি তব বঙ্গে’র মধুসূদন চরিত্রে অভিনয় করছেন নাটকের নির্দেশক ও অভিনয়শিল্পী অনন্ত হীরা। মহড়া কক্ষে তাঁকেই এতক্ষণ দেখলাম মাইকেলরূপে। কথা হলো তাঁর সঙ্গে। প্রশ্ন করি, মাইকেলের জীবনী মঞ্চে নিয়ে আসার পরিকল্পনা কেন?
বললেন, বাংলা সাহিত্যের নাটক থেকে শুরু করে প্রহসন, ট্র্যাজেডি অনেক কিছুরই সূচনাকার তিনি। কিন্তু এ কবি যেন আড়ালেই থেকে গেলেন। তাঁকে নিয়ে নাট্য প্রযোজনা বাংলা নাটকের যেকোনো নির্দেশকের দায় বলতে পারেন। তিনটি চরিত্রের নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হীরা, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান ও আল-আভী জাহান। নাটকটি লিখেছেন অপূর্ব কুমার।
মহড়া দেখা ও আলাপচারিতায় সময় কেটে যায়। ঘড়ির কাঁটা তখন আটটা ছুঁই ছুঁই। অফিসের তাড়া। বেরিয়ে আসি বিদায় নিয়ে। মাইকেলের সঙ্গে সেদিনের সন্ধ্যাটি মনে ছড়িয়ে দিল একরাশ মুগ্ধতা। আজকের সন্ধ্যায়ও শিল্পকলাতে কাটিয়ে আসতে পারেন মাইকেলের সঙ্গে, কেবলই মুগ্ধ হতে। আজ দর্শকেরা প্রথম দেখতে পারবেন নাটকটি।